গাজীপুর মহানগরীর টঙ্গীর পাগার এলাকায় পূর্ব শত্রুতার জেরে দুই পক্ষের সংঘর্ষে মঞ্জুরুল ইসলাম হাসিব (২৫) নামে এক বিশ্ববিদ্যালয়শিক্ষার্থী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো দু’জন।
বৃহস্পতিবার (৯ জুলাই) ভোরে ধানমন্ডির একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর আগে, বুধবার (৮ জুলাই) রাতে পাগার এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।
নিহতের ঘটনায় হত্যা মামলা দায়েরের পর প্রধান অভিযুক্ত জোবায়ের হোসেনকে (৪৫) গ্রেফতার করেছে পুলিশ।
নিহত মঞ্জুরুল ইসলাম হাসিব ওই এলাকার তফিকুল ইসলামের ছেলে এবং গ্রিন ইউনিভার্সিটির শিক্ষার্থী। আহতরা হলেন— স্থানীয় মোস্তফা মিয়ার ছেলে আকাশ (২৫) ও মাসুদ রানার ছেলে ইমরান হাসান অনিক (২৪)। তারা ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
পুলিশ জানায়, পূর্ব শত্রুতার জেরে বুধবার রাতে স্থানীয় দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। এতে তিনজন গুরুতর আহত হন। তাদের উদ্ধার করে প্রথমে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হয়। পরে হাসিবের অবস্থার অবনতি হলে তাকে ধানমন্ডির একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার (৯ জুলাই) ভোরে তার মৃত্যু হয়।
এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে টঙ্গী পূর্ব থানায় হত্যা মামলা দায়ের করা হয়েছে। মামলার পর অভিযান চালিয়ে প্রধান অভিযুক্ত পাগার এলাকার আয়াত আলীর ছেলে জোবায়ের হোসেনকে (৪৫) গ্রেফতার করে পুলিশ।
টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান বলেন, বিশ্ববিদ্যালয়শিক্ষার্থী নিহতের ঘটনায় হত্যা মামলা হয়েছে। মামলার প্রধান অভিযুক্ত জোবায়ের হোসেনকে গ্রেফতার করা হয়েছে। ঘটনার সাথে জড়িত অন্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।



