সাভারে কেমিক্যাল ব্যবসা প্রতিষ্ঠানে আগুন, আহত ৫

রং মেশানোর কেমিক্যালের দোকানে আগুন লাগলে প্রথমে স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করেন। পরে তারা ট্যানারি ফায়ার সার্ভিস ও সাভার ফায়ার সার্ভিসে খবর দিলে তিনটি ইউনিট সাত ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে।

আমান উল্লাহ পাটওয়ারী, সাভার (ঢাকা)

Location :

Savar
কেমিক্যালের দোকানে আগুন
কেমিক্যালের দোকানে আগুন |নয়া দিগন্ত

সাভারের হেমায়েতপুর কাজীপাড়া বাস স্ট্যান্ড সংলগ্ন কেমিক্যাল ব্যবসা প্রতিষ্ঠানে আগুন লাগার ঘটনা ঘটেছে।

আজ রোববার (২৬ জুলাই) সকাল সাড়ে ৬টার দিকে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। এর আগে শনিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে আগুনের সূত্রপাত হয়।

ট্যানারি ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো: শামীম; ফায়ার সার্ভিস কর্মী মো: উজ্জল, মো: ওমর ফারুক; ফায়ার সার্ভিসের টিম লিডার মনোয়ার হোসেন ও স্থানীয় এক ব্যক্তি মশিউরসহ পাঁচজন আহত হয়।

আহতদের স্থানীয় একটি মেডিক্যাল কলেজ হাসপাতালে রাতেই ভর্তি করা হয়। সকালে শেষ খবর পাওয়া পর্যন্ত এখনো দু'জন ভর্তি আছেন। বাকি তিনজন প্রাথমিক চিকিৎসা শেষে বাসায় ফিরেছেন।

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, রাত সাড়ে ১২টার দিকে রং মেশানোর কেমিক্যালের দোকানে আগুন লাগলে প্রথমে স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করেন। পরে তারা ট্যানারি ফায়ার সার্ভিস ও সাভার ফায়ার সার্ভিসে খবর দিলে তিনটি ইউনিট সাত ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে।

সাভার ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার জাহাঙ্গীর আলম নয়া দিগন্তকে বলেন, ‘প্রাথমিকভাবে আমরা জানতে পেরেছি বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়।'

তিনি আরো জানান, তদন্ত ছাড়া ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ নিশ্চিত করা সম্ভব নয়।