নাটোরে নিজেদের শয়ন কক্ষে বাঁশের সাথে এক ওড়নায় ঝুলে থাকা স্বামী-স্ত্রীর লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১৯ জুন) বিকেলে সদর উপজেলার কাফুরিয়া ইউনিয়নের তোকিয়া ঢালান এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন— সদর উপজেলার কাফুরিয়া ইউনিয়নের তোকিয়া ঢালান এলাকার আনোয়ার হোসেনের ছেলে অটোরিকশাচালক রাকিব হোসেন (২৫) ও একই এলাকার আজিজুল ইসলামের মেয়ে লিজা খাতুন (২২)।
উভয় পরিবারের কোনো অভিযোগ না থাকায় পুলিশের অনুমতি সাপেক্ষে ময়নাতদন্ত ছাড়াই সুরতহাল রিপোর্ট শেষে পরিবারের সদস্যদের কাছে নিহত স্বামী-স্ত্রীর লাশ হস্তান্তর করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, অটোরিকশাচালক রাকিব হোসেনের সাথে দুই বছর আগে লিজা খাতুনের বিয়ে হয়। বনিবনা না হওয়ায় তাদের ছাড়াছাড়িও হয়ে যায়। পরে আবার দু’ পক্ষের সমঝোতায় তারা সংসার শুরু করেন।
শুক্রবার জুমার নামাজ শেষে রাকিব হোসেন বাড়ি ফিরে স্ত্রী লিজা খাতুনের সাথে নিজের ঘরেই অবস্থান করছিলেন। এ সময় পরিবারের অভাব অনটন নিয়ে তাদের মধ্যে ঝগড়া হলেও দু’জন ঘরের মধ্যেই অবস্থান করছিলেন। বিকেলে তাদের কোনো সাড়া-শব্দ না পেয়ে পরিবারের লোকজনের সন্দেহ হয়। পরে ঘরের দরজা-জানালার ফাঁকা দিয়ে তাকিয়ে দেখতে পান, তারা শয়ন কক্ষের চালের বাঁশের সাথে এক ওড়নায় ঝুলে আত্মহত্যা করেছেন।
পরে নাটোর থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় দরজা ভেঙে তাদের লাশ উদ্ধার করে।
নাটোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: মুনসুর রহমান শুক্রবার সন্ধ্যায় নয়া দিগন্তকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।



