সিলেট বিভাগে হামের প্রাদুর্ভাব অব্যাহত থাকলেও গত ২৪ ঘণ্টায় হামে বা হামের উপসর্গে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি। এই সময়ে ল্যাব পরীক্ষায় নতুন করে পাঁচজনের শরীরে হাম শনাক্ত হয়েছে। একই সময়ে হামের উপসর্গ নিয়ে বিভাগের বিভিন্ন হাসপাতালে আরো ১০২ জন ভর্তি হয়েছেন।
বুধবার (২৯ জুলাই) স্বাস্থ্য অধিদফতরের সিলেট বিভাগীয় পরিচালক ডা: মো: মাহবুবুল আলম এ তথ্য নিশ্চিত করেছেন।
স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২৯ জুলাই পর্যন্ত সিলেট বিভাগে মোট ৬১৬ জনের শরীরে ল্যাব পরীক্ষায় হাম শনাক্ত হয়েছে। এর মধ্যে সুনামগঞ্জে ৩২২ জন, সিলেটে ২০৬ জন, হবিগঞ্জে ৬১ জন এবং মৌলভীবাজারে ২৭ জন।
গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ভর্তি হওয়া ১০২ জনের মধ্যে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ৪৭ জন, শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ৩৩ জন, সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে ১৫ জন, মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে ছয়জন এবং জামালগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একজন ভর্তি হয়েছেন।
বর্তমানে বিভাগের বিভিন্ন হাসপাতালে ২৯১ জন সন্দেহজনক হাম রোগী চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ৯৮ জন, শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ৭৯ জন, সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে ৪৫ জন, মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে ১৯ জন, রাগীব-রাবেয়া মেডিক্যাল কলেজ হাসপাতালে ১৩ জন, নর্থ ইস্ট মেডিক্যাল কলেজ হাসপাতালে ১২ জন, হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে সাতজন, বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঁচজন, লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তিনজন, মাউন্ট এডোরা হাসপাতালে দুইজন, লায়ন্স হাসপাতালে দুইজন, ফেঞ্চুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুইজন, বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুইজন, গোলাপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুইজন এবং জামালগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুইজন চিকিৎসাধীন রয়েছেন।
স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হামে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি। বিভাগীয় স্বাস্থ্য কর্মকর্তারা শিশুদের সময়মতো হামের টিকা গ্রহণ নিশ্চিত করার পাশাপাশি জ্বর, শরীরে র্যাশ বা হামের উপসর্গ দেখা দিলে দ্রুত নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসা নেওয়ার আহ্বান জানিয়েছেন।



