জাতীয় বিশ্ববিদ্যালয়ে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

গণমাধ্যমকর্মীদের প্রশ্নের জবাবে তিনি জানান, দ্রুত সময়ের মধ্যে ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হবে। এর পরপরই শুরু হবে ভর্তি কার্যক্রম।

মো: আজিজুল হক, গাজীপুর মহানগর

Location :

Gazipur
টঙ্গী সরকারি কলেজ কেন্দ্র পরিদর্শনে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক এ এস এম আমানুল্লাহ
টঙ্গী সরকারি কলেজ কেন্দ্র পরিদর্শনে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক এ এস এম আমানুল্লাহ |নয়া দিগন্ত

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০২৫-২৬ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৫ এপ্রিল) সারাদেশের ১৩৮টি কেন্দ্রে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।

ভর্তি পরীক্ষা শুরু হয় বেলা ১১টায়। এক ঘণ্টাব্যাপী এমসিকিউ পদ্ধতির এ পরীক্ষা শেষ হয় দুপুর ১২টায়।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর (ভিসি) অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ গাজীপুরের টঙ্গী সরকারি কলেজ কেন্দ্রে অনুষ্ঠিত ভর্তি পরীক্ষা পরিদর্শন করেন। কেন্দ্রে পরীক্ষার পরিবেশ দেখে তিনি সন্তুষ্টি প্রকাশ করেন। গণমাধ্যমকর্মীদের প্রশ্নের জবাবে তিনি জানান, দ্রুত সময়ের মধ্যে ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হবে। এর পরপরই শুরু হবে ভর্তি কার্যক্রম।

পরে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর বিশ্ববিদ্যালয়ের আইসিটি ভবনে স্থাপিত কন্ট্রোল রুমে বসে সারাদেশের বিভিন্ন কেন্দ্রে অনুষ্ঠিত ভর্তি পরীক্ষা পর্যবেক্ষণ করেন।

ভর্তি পরীক্ষার কন্ট্রোল রুমে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলরের সাথে আমন্ত্রিত অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের অনারারি অধ্যাপক ড. এ আই মাহবুব উদ্দিন আহমেদ, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান, সেন্ট্রাল ইউনিভার্সিটির ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. মো: নূরুল ইসলাম, গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. জি কে এম মুস্তাফিজুর রহমান, ঢাকার শের-ই বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. আব্দুল লতিফ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের ডিন অধ্যাপক ড. মো: সেলিম রেজা, গাজীপুর মহানগর পুলিশ কমিশনার ও ঢাকার হযরত শাহ আলী মহিলা কলেজের অধ্যক্ষ রানা ফেরদৌস রত্না।

কন্ট্রোল রুমে আরো উপস্থিত ছিলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রো ভাইস-চ্যান্সেলর অধ্যাপক মো: লুৎফর রহমান, ট্রেজারার অধ্যাপক ড. এ টি এম জাফরুল আযম, স্নাতকোত্তর শিক্ষা, প্রশিক্ষণ ও গবেষণা কেন্দ্রের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক ড. ফকির রফিকুল আলম, স্নাতকর্পূব শিক্ষাবিষয়ক স্কুলের ভারপ্রাপ্ত ডিন ড. মো: আশেক কবির চৌধুরী, রেজিস্ট্রার মোল্লা মাহফুজ আল-হোসেন, পরীক্ষা নিয়ন্ত্রক মো: এনামুল করিম, ভর্তি ও রেজিস্ট্রেশন সেলের সচিব ড. আলী জাফর চৌধুরী ও শিক্ষক, বিভিন্ন বিভাগের প্রধান ও জ্যেষ্ঠ কর্মকর্তাবৃন্দও।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ বিভাগ জানায়, দেশের ৮৮০টি কলেজে ভর্তির জন্য এ বছর পরীক্ষায় অংশগ্রহণ করেন চার লাখ ৫৩ হাজার ১৪৮ জন পরীক্ষার্থী। এর মধ্যে সরকারি কলেজ ৩৭৫টি ও বেসরকারি কলেজ ৫০৫টি। ১৩৮টি পরীক্ষাকেন্দ্রের মধ্যে ঢাকা মহানগরীতে ছিল ১৮টি, ঢাকা বিভাগে ২৭টি, বরিশাল বিভাগে ১৩টি, চট্টগ্রাম বিভাগে ২৩টি, খুলনা বিভাগে ১৮টি, রাজশাহী বিভাগে ১৭টি, রংপুর বিভাগে ১৩টি ও সিলেট বিভাগে নয়টি।