নেত্রকোনায় গৃহবধূকে কুপিয়ে হত্যা

নেত্রকোনার কাটলীতে দেনা-পাওনার বিরোধকে কেন্দ্র করে এক গৃহবধূকে প্রতিবেশী রিকশাচালক কুপিয়ে হত্যা করেছেন। এ ঘটনায় নিহতের স্বামী ও ছেলে আহত হয়েছেন এবং অভিযুক্তকে পুলিশ আটক করেছে।

ফজলুল হক রোমান, নেত্রকোনা
নেত্রকোনা জেলার ম্যাপ
নেত্রকোনা জেলার ম্যাপ |নয়া দিগন্ত

নেত্রকোনা পৌর শহরের ফ্ল্যাটে ঢুকে মনোয়ারা আক্তার (৪৭) নামে এক গৃহবধূকে কুপিয়ে হত্যা করেছেন প্রতিবেশী রিকশাচালক আব্দুর রশিদ। এ সময় বাধা দিতে গিয়ে গৃহবধূর স্বামী আবু চান মিয়া (৭০) ও ছেলে মুন্না (২২) আহত হয়ে হাসপাতালের চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।

গতকাল সোমবার (১ জুন) রাত ৮টার দিকে শহরের কাটলী এলাকায় এই ঘটনা ঘটে।

নিহত মনোয়ারা বেগম কাটলী এলাকার বাসিন্দা আবু চান মিয়ার স্ত্রী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার রাত ৮টার দিকে কাটলী এলাকায় অবস্থিত একটি ফ্ল্যাট বাসায় চিৎকার ও চেঁচামেচি শুনে প্রতিবেশীরা ঘটনাস্থলে গিয়ে দেখতে পায় যে নিজ ঘরে মনোয়ারা বেগমের রক্তাক্ত লাশ মেঝেতে পড়ে আছে। তার স্বামী ও ছেলে রক্তাক্ত আহত অবস্থায় কাতরাচ্ছেন। স্থানীয়রা আহত বাবা-ছেলেকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে যান।

থানায় খবর দেয়ার পর পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ঘাতক আব্দুর রশিদকে আটক ও লাশ উদ্ধার করে।

নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন সরকার নয়া দিগন্তকে বলেন, ‘দেনা-পাওনার কারণে সম্ভবত এই হত্যার ঘটনা ঘটে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’