ফেনীতে বিতর্কিত অ্যাসিল্যান্ডের অপসারণ দাবিতে এমপি প্রার্থীর অনশন

‘২৭ জানুয়ারি দুপুরে ট্রাংক রোডের সেন্ট্রাল হাই স্কুলের সামনে লাগানো সাদা-কালো বিলবোর্ড খুলে নিতে বলেন অ্যাসিল্যান্ড জসিম উদ্দিন। এজন্য সময় চাইলে তিনি অসৌজন্যমূলক আচরণ, এমনকি জেলে পাঠানোর হুমকি দেন। আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে বিলবোর্ড নামিয়ে ফেলি। অথচ আচরণবিধি লঙ্ঘন করে শহরে প্রচুর পরিমাণ বড় বড় রঙিন বিলবোর্ড লাগানো রয়েছে।’

শাহাদাত হোসাইন, ফেনী অফিস

Location :

Feni
জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের ফটকে অনশনে ট্রাক প্রতীকের প্রার্থী তারিকুল ইসলাম ভূঞা
জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের ফটকে অনশনে ট্রাক প্রতীকের প্রার্থী তারিকুল ইসলাম ভূঞা |নয়া দিগন্ত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি না করে বৈষম্যমূলক আচরণ করায় সদর উপজেলার অ্যাসিল্যান্ড বা সহকারী কমিশনার (ভূমি) জসিম উদ্দিনের অপসারণের দাবি জানিয়েছেন ট্রাক প্রতীকের প্রার্থী তারিকুল ইসলাম ভূঞা।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সকালে জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের ফটকে অনশনে বসেন তিনি। এতে বাধ্য হয়ে পায়ে হেঁটে কার্যালয়ে প্রবেশ করতে দেখা গেছে প্রশাসনের কর্মকর্তাদের।

তারিকুল ইসলাম ভূঞা সাংবাদিকদের কাছে অভিযোগ করে বলেন, ‘গত ২৭ জানুয়ারি দুপুরে ট্রাংক রোডের সেন্ট্রাল হাই স্কুলের সামনে লাগানো সাদা-কালো বিলবোর্ড খুলে নিতে বলেন অ্যাসিল্যান্ড জসিম উদ্দিন। এজন্য সময় চাইলে তিনি অসৌজন্যমূলক আচরণ, এমনকি জেলে পাঠানোর হুমকি দেন। আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে বিলবোর্ড নামিয়ে ফেলি। অথচ আচরণবিধি লঙ্ঘন করে শহরে প্রচুর পরিমাণ বড় বড় রঙিন বিলবোর্ড লাগানো রয়েছে। বৈষম্যমূলক আচরণ করায় সহকারী কমিশনার (ভূমি) জসিম উদ্দিনকে দ্রুত অপসারণ করা না হলে অনশন চালিয়ে যাব।’ এছাড়া বড় বড় প্রার্থীর লোকজন অব্যাহতভাবে হুমকি-ধামকি দিচ্ছেন বলেও তারিকুলের দাবি।

সকাল ৯টার পর সহকারী কমিশনার ফারাজ হাবিব খান, তানজিল হোসেন তমাল, ফাতেমাতুজ জোহরা, মনিরুজ্জামান, শামীমা আক্তারসহ কর্মকর্তারা কার্যালয়ে এলে তারিকুলকে সরে যেতে অনুরোধ করেন পুলিশ সদস্যরা। একপর্যায়ে জেলা প্রশাসনের সংস্থাপন শাখার সাইফুল ইসলাম এ ব্যাপারে লিখিতভাবে অভিযোগ দিতে বলেন। তারিকুল এসব নাকচ করে অনশনে অনড় রয়েছেন। একে একে অতিরিক্ত জেলা প্রশাসকরা গাড়ি নিয়ে এলেও ফটকের ভেতর প্রবেশ করতে পারেননি।

বেলা ১১টার দিকে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রোমেন শর্মা ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জাকারিয়া ফটকে এসে প্রার্থী তারিকুলের কাছে অনশনের কারণ জানতে চান। বিস্তারিত জানার পর লিখিতভাবে অভিযোগ দিতে বলেন। তাদের অনুরোধের পরিপ্রেক্ষিতে ফটক ছেড়ে দিয়ে পাশে সরে বসেন তিনি।

অতিরিক্ত জেলা প্রশাসক (এডিসি) রোমেন শর্মা জানান, লিখিতভাবে অভিযোগ পেলে রিটার্নিং কর্মকর্তার নির্দেশনা অনুযায়ী পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে।

পরে তারিকুল ইসলাম ভূঞা জানান, প্রশাসনের পক্ষ থেকে ব্যবস্থা নেয়ার আশ্বাসের পরিপ্রেক্ষিতে লিখিত অভিযোগের প্রস্তুতি চলছে। তবে অ্যাসিল্যান্ডের প্রত্যাহার না হওয়া পর্যন্ত অনশন কর্মসূচি চালিয়ে যাবেন তিনি।

এর আগে, অ্যাসিল্যান্ড জসিম উদ্দিন কারাভ্যানে ঈগল প্রতীকের প্রচারণা করায় প্রার্থীকে ২০ হাজার টাকা জরিমানা করেন। পরে জেলা রিটার্নিং কর্মকর্তা মনিরা হকের কাছে আপিল করে জরিমানার টাকা ফেরত পান ঈগল প্রতীকের প্রার্থী মজিবুর রহমান মঞ্জু।