ত্রাণমন্ত্রী

স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ বরাদ্দ রেখেছে সরকার

‘সাধারণ মানুষ যাতে সহজে উন্নত চিকিৎসাসেবা পেতে পারেন, সেজন্য বেসরকারি স্বাস্থ্য সেবাদানকারী প্রতিষ্ঠানগুলোকেও সরকার প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা দিয়ে যাচ্ছে।’

আসাদুল ইসলাম সবুজ, লালমনিরহাট

Location :

Lalmonirhat
ডায়ালাইসিস সেন্টারের উদ্বোধন করছেন ত্রাণমন্ত্রী
ডায়ালাইসিস সেন্টারের উদ্বোধন করছেন ত্রাণমন্ত্রী |নয়া দিগন্ত

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেছেন, ‘স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে বর্তমান সরকার বাজেটে স্বাস্থ্যখাতে সর্বোচ্চ বরাদ্দ রেখেছে। এর ফলে গরিব মানুষও এখন অত্যন্ত ব্যয়বহুল চিকিৎসাসেবা স্বল্পমূল্যে বা সম্পূর্ণ বিনামূল্যে পাবেন।’

তিনি বলেন, ‘সরকারি হাসপাতালে স্বাস্থ্যসেবার মান আরো উন্নত করা প্রয়োজন। অনেক ক্ষেত্রে রোগীরা এখনো কাঙ্ক্ষিত চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হচ্ছেন। এই বাস্তবতা বিবেচনা করেই সরকার চলতি বাজেটে স্বাস্থ্যখাতে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে।’

শুক্রবার (৩ জুলাই) সকালে লালমনিরহাট ডায়াবেটিস হাসপাতালে সোনার বাংলা ফাউন্ডেশনের উদ্যোগে প্রতিষ্ঠিত একটি আধুনিক ডায়ালাইসিস সেন্টারের উদ্বোধন অনুষ্ঠান শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

ত্রাণমন্ত্রী বলেন, ‘সাধারণ মানুষ যাতে সহজে উন্নত চিকিৎসাসেবা পেতে পারেন, সেজন্য বেসরকারি স্বাস্থ্য সেবাদানকারী প্রতিষ্ঠানগুলোকেও সরকার প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা দিয়ে যাচ্ছে।’

তিনি আরো বলেন, ‘দেশের প্রতিটি অঞ্চলে আধুনিক ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সরকারি ও বেসরকারি উদ্যোগের সুসমন্বয়ের মাধ্যমে চিকিৎসাসেবাকে আরো বেশি জনগণমুখী করা হবে।’

এ সময় উপস্থিত ছিলেন লালমনিরহাট ডায়াবেটিক সমিতির সদস্য সচিব অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল নিয়ামুল ইসলাম ফাতেমী, জেলা প্রশাসক (ডিসি) মুহম্মদ রাশেদুল হক প্রধান, জেলা পরিষদের প্রশাসক এ কে এম মমিনুল হক, পুলিশ সুপার (এসপি) মো: আসাদুজ্জামান, সিভিল সার্জন ডা: আব্দুল হাকিম ও ডা: এ বি এম মোবাশ্বের আলমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।