জামালপুরের বকশীগঞ্জে বিলের পানিতে ভেসে থাকা অবস্থায় মোসা: রোকেয়া (৫০) নামে এক নারীর লাশ উদ্ধার করেছে থানা পুলিশ।
সোমবার (১ জুন) সন্ধ্যা ৬টার দিকে পৌর এলাকার মালিরচর হাজী পাড়া বিল থেকে লাশটি উদ্ধার করা হয়।
নিহত রোকেয়া বকশীগঞ্জ পৌর এলাকার চরকাউরিয়া মাঝপাড়া গ্রামের আজিজুল হকের স্ত্রী।
স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার বিকেলে মালিরচর হাজী পাড়া গ্রামের বিলের ধারে পানিতে ভেসে থাকা ওই নারীর লাশ দেখতে পায় এলাকাবাসী। পরে খবর দেয়া হলে বকশীগঞ্জ থানা পুলিশ লাশটি উদ্ধার করে।
নিহতের পরিবারের সাথে কথা বলে জানা যায়, রোকেয়া দীর্ঘদিন থেকে মানসিক সমস্যায় ভুগছিলেন। তিনি বিকেল ৩টা থেকে নিখোঁজ ছিলেন।
বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মকবুল হোসেন জানান, মৃত্যুর কারণ এখনো জানা যায়নি। মৃত্যৃর কারণ জানতে লাশ জামালপুর মর্গে পাঠানো হবে।



