আসন্ন ১২ ফেব্রুয়ারি গণভোটে 'হ্যাঁ' এর পক্ষে প্রচারণা শুরু করেছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) প্রশাসন। পাশাপাশি 'হ্যাঁ' এর পক্ষে জনমত বৃদ্ধিতে সরব ভূমিকায় বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।
রোববার (১ ফেব্রুয়ারি) দুপুরে বিশ্ববিদ্যালয় প্রশাসনের উদ্যোগে ক্যাম্পাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে গণভোটে হ্যাঁ সম্বলিত ব্যানার টানাতে দেখা যায়। বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন সংলগ্ন করিডোর, পূবালী ব্যাংকের দেয়ালে, কে আর মার্কেটের সামনে এসব ব্যানার টানানো হয়। ব্যানারগুলোতে রয়েছে, 'পরিবর্তনের জন্য হ্যাঁ', 'পরিবর্তনের চাবি এবার আপনারই হাতে' ইত্যাদি।
এদিকে গত ৩০ জানুয়ারি গণভোটে 'হ্যাঁ' এর পক্ষে প্রচারণায় অংশ নিতে দেখা যায় বাকৃবি শাখা ছাত্রশিবিরের নেতাকর্মীদের। সংগঠনটির উদ্যোগে টিএসসি ভবনের দেয়াল ও শিল্পাচার্য জয়নুল আবেদীন অডিটোরিয়ামের সামনে ব্যানার টানানো হয়। পাশাপাশি জুমার নামাজ শেষে 'হ্যাঁ' এর পক্ষে লিফলেট বিতরণ করেন শাখা শিবিরের নেতাকর্মীরা। এছাড়াও বিভিন্ন আবাসিক হলে গিয়ে সাধারণ শিক্ষার্থীদের মাঝে লিফলেট বিতরণের মাধ্যমে জনমত তৈরির চেষ্টা করা হয়।
এ বিষয়ে বাকৃবি শাখা ছাত্রশিবিরের সাধারণ সম্পাদক বলেন, 'ছাত্র-জনতার জুলাই অভ্যুত্থানের মূল দাবি ছিল সংস্কার। দেশকে এগিয়ে নিতে হলে সংস্কারের পক্ষে এবং গণভোটে 'হ্যাঁ' এর পক্ষে অবস্থান নিতে হবে। গণভোটে 'হ্যাঁ' জয়ী হলে রাষ্ট্রীয় জবাবদিহিতা নিশ্চিত হবে এবং ফ্যাসিস্ট হাসিনার মতো আর কোনো স্বৈরাচার মাথাচাড়া দিয়ে উঠতে পারবে না।'
তিনি আরো বলেন, 'গণভোটে 'হ্যাঁ' এর প্রচারণা আমাদের সকলের নৈতিক দায়িত্ব। সেই দায়িত্ববোধ থেকেই হলে হলে গিয়ে সাধারণ শিক্ষার্থীদের মাঝে লিফলেট বিতরণ করা হচ্ছে। ইনশাআল্লাহ, আগামী ১২ জানুয়ারি গণভোটে দেশের আপামর জনগণ 'হ্যাঁ' এর পক্ষেই রায় দেবে।'
জুলাই অভ্যুত্থানের স্বীকৃতি নিশ্চিতে 'হ্যাঁ'এর পক্ষে অবস্থান নিতে হবে উল্লেখ করে বাকৃবির রেজিস্ট্রার ড. মো. হেলাল উদ্দীন বলেন, 'আমরা চাই জুলাই অভ্যুত্থান একটি সুস্পষ্ট আইনি কাঠামোতে রূপ পাক। সেই স্বীকৃতি পেতে হলে হ্যাঁ এর পক্ষে অবস্থান নিতে হবে। জুলাই আন্দোলনে দুই হাজারেরও বেশি ছাত্র-জনতা জীবন দিয়েছেন। তাদের জীবন দানের যথাযথ মূল্যায়নের স্বার্থে আমাদের হ্যাঁ এর পক্ষে থাকতে হবে।'
তিনি আরো বলেন, 'জুলাই অভ্যুত্থানকে রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি দেওয়ার লক্ষ্যে বিশ্ববিদ্যালয় প্রশাসনের উদ্যোগে আজ থেকেই গণভোটে 'হ্যাঁ' এর পক্ষে প্রচারণা কার্যক্রম শুরু হয়েছে।'



