পদ্মায় নিখোঁজ শিক্ষার্থীর সন্ধানে ফায়ার সার্ভিস ও কোস্ট গার্ড

রোববার দুপুর আনুমানিক ২টার দিকে ওই শিক্ষার্থী তার চার বন্ধুসহ পদ্মার চর থেকে নদীতে গোসলে নামে। একপর্যায়ে তাদের মধ্যে আরাফাতসহ পদ্মার স্রোতে ওই চারজন সেতুর নিচের ৪ নম্বর পিলারের কাছে চলে যায়।

গোলাম মঞ্জুরে মাওলা অপু, লৌহজং (মুন্সীগঞ্জ)

Location :

Louhajang
নিখোঁজ শিক্ষার্থীকে উদ্ধারে ফায়ার সার্ভিস ও কোস্ট গার্ড
নিখোঁজ শিক্ষার্থীকে উদ্ধারে ফায়ার সার্ভিস ও কোস্ট গার্ড |নয়া দিগন্ত

মুন্সীগঞ্জের লৌহজংয়ে পদ্মা নদীতে বন্ধুদের সাথে গোসল করতে নেমে নিখোঁজ শিক্ষার্থীর সন্ধানে চলছে ফায়ার সার্ভিস ও কোস্ট গার্ডের উদ্ধার কার্যক্রম।

এর আগে, রোববার (২৯ মার্চ) দুপুর ২টার দিকে পদ্মা সেতুর ৪ নম্বর পিলারের কাছে নদীতে এ ঘটনা ঘটে বলে জানা যায়।

খবর পেয়ে ঢাকা থেকে আসা ডুবুরি দল ও স্থানীয় ফায়ার সার্ভিসের ছয় সদস্যের দু’টি ইউনিটসহ কোস্ট গার্ড সদস্যরা পদ্মায় উদ্ধার কাজ চালাতে থাকেন।

নিখোঁজ ছাত্র আরাফাত হোসেন (১৭) শ্রীনগর পাইলট উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী। সে পার্শ্ববর্তী উপজেলা কোলাপাড়া ব্রাহ্মণপাইকসা এলাকার মো: লতিফ মিয়ার ছেলে। তারা শ্রীনগর কলেজ গেট এলাকায় থাকত।

এদিকে সন্ধ্যা সাড়ে ৬টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত নিখোঁজ আরাফাতের কোনো সন্ধান পাওয়া যায়নি বলে জানিয়েছেন ফায়ার সার্ভিস ও কোস্ট গার্ডের উদ্ধারকারী দলের একাধিক সদস্য। তবে উদ্ধার কার্যক্রম এ সময় পর্যন্ত অব্যাহত ছিল বলে জানান মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মোহাম্মদ সফিকুল ইসলাম।

মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মোহাম্মদ সফিকুল ইসলাম ও লৌহজং ফায়ার সার্ভিসের স্টেশন লিডার কয়েছ আহমেদ নয়া দিগন্তকে জানান, রোববার দুপুর আনুমানিক ২টার দিকে ওই শিক্ষার্থী তার চার বন্ধুসহ পদ্মার চর থেকে নদীতে গোসলে নামে। একপর্যায়ে তাদের মধ্যে আরাফাতসহ পদ্মার স্রোতে ওই চারজন সেতুর নিচের ৪ নম্বর পিলারের কাছে চলে গেলে তিনজন সাঁতরে তীরে আসতে সক্ষম হয়। এ সময় পদ্মার স্রোতে তলিয়ে গিয়ে আরাফাত নিখোঁজ হয়।

খবর পেয়ে স্থানীয়রা প্রাথমিকভাবে উদ্ধার চেষ্টা চালালেও তার কোনো সন্ধান মেলেনি। পরে ঘটনার পরপরই ফায়ার সার্ভিসের ঢাকার ডুবুরি দলসহ স্থানীয় ফায়ার সার্ভিসের ছয় সদস্যের দু’টি ইউনিট নিখোঁজ ওই ছাত্রের সন্ধানে উদ্ধার কার্যক্রম চালাতে থাকেন।