বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, ‘আমাদের টার্গেট এক কোটি নতুন সদস্য নবায়ন করা। তবে ফ্যাসিবাদী ও পরাজিত শক্তির কেউই যেন দলে ভিড়তে না পারে। যারা মব জাস্টিসে জড়িত বা কোনো অন্যায়ে জড়িত তাদেরও নেয়া হবে না। যেহেতু বিএনপি একটি বড় দল সেহেতু এ দলে বেড়া ভেঙে দুষ্কৃতিকারীরা ঢুকতে পারে। আমাদের সজাগ থাকতে হবে। এছাড়া কেউ যদি আওয়ামী লীগের কাউকে বিএনপিতে নেয় তাহলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।’
বৃহস্পতিবার (১৭ জুলাই) বিকেলে সাভার পৌর এলাকার ব্যাংক কলোনি মাদরাসার মাঠে বিএনপির নতুন সদস্য সংগ্রহ ও সদস্য নবায়ন কর্মসূচি এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
রুহুল কবির রিজভী বলেন, ‘দেশে খুন-গুম বেড়েছে। মানুষের মাঝে উদ্বেগ বেড়েছে। দ্রুত নির্বাচন দিতে হবে। নির্বাচিত সরকার আসলেই সব ঠিক হয়ে যাবে। মিটফোর্ডের ঘটনায় বিএনপি অ্যাকশন নিয়েছে। এ ঘটনায় হত্যাকারীদের বিচার করবে আদালত।’
সাভার পৌরসভা বিএনপির আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন পৌর বিএনপির সভাপতি খন্দকার শাহ মাইনুল হোসেন বিল্টু। এ সময় বিএনপির কেন্দ্রীয় সহ-পরিবার পরিকল্পনাবিষয়ক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য ডা: দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু, ঢাকা জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশরাফ, সাভার উপজেলা বিএনপির সাবেক সভাপতি হাজী জামাল উদ্দিন সরকার, সাভার উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান কফিল উদ্দিন, সাবেক সাধারণ সম্পাদক কবির উদ্দিন, সাভার থানা বিএনপির সভাপতি সাইফুদ্দিন সাইফুল, পৌর বিএনপির সাধারণ সম্পাদক বদিউজ্জামান বদির প্রমুখ উপস্থিত ছিলেন।
এ সময় সদস্য ফরম দিয়ে নতুন সদস্য সংগ্রহ ও সদস্য নবায়ন কর্মসূচির উদ্বোধন করেন রুহুল কবীর রিজভী।



