চব্বিশের জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে সিলেটে শহীদ হওয়া ১৬ জনের পরিবারের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন জাতীয় নাগরিক পার্টি’র (এনসিপি) প্রধান নাহিদ ইসলাম। সাক্ষাৎকালে কান্নায় ভেঙে পড়েন শহীদদের স্বজনরা। পরে তাদের প্রতি গভীর সমবেদনা জানিয়ে শহীদদের বিচার ত্বরান্বিত করতে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন নাহিদ। এ সময় দলটির শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।
শনিবার (২৬ জুলাই) সকাল ৯টার দিকে নগরীর একটি অভিজাত হোটেলের হল রুমে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
এনসিপি’র কেন্দ্রীয় নির্বাহী সদস্য ব্যারিস্টার নুরুল হুদা জুনেদের তত্ত্বাবধানে অনুষ্ঠিত সাক্ষাৎ অনুষ্ঠানে উপস্থিত শহীদদের স্বজনরা তাদের দুঃখ-দুর্দশার কথা তুলে ধরেন। তাদের মধ্যে একটি শহীদ পরিবারে বেকারত্বের হার বেশি এবং একটি শহীদ পরিবার এখনো সরকারি সঞ্চয়পত্র পাননি বলে অভিযোগ করা হয়।
এছাড়া গোলাপগঞ্জে শহীদ সাত বীরের নামে স্থানীয় পৌরশহর এলাকায় একটি স্মৃতিস্তম্ভ নির্মাণের দাবি জানিয়েছে তাদের পরিবারগুলো। একইসাথে এখন পর্যন্ত ওই সাত পরিবারকে সরকারিভাবে কোনো সুযোগ-সুবিধা দেয়া হয়নি বলেও অভিযোগ করেন তারা।
এ সময় তাদের দাবি শুনে সর্বাত্মক সহযোগিতা এবং এসব বিষয়ে সংশ্লিষ্ট দফতরকে দ্রুত পদক্ষেপ নিতে তাগিদ দেয়ার আশ্বাস দেন নাহিদ ইসলাম। অনুষ্ঠানে দলটির সিলেট জেলা ও মহানগরের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।



