সুদানে শান্তি মিশনে নিহত কুড়িগ্রামের দুই সেনা সদস্যের লাশ তাদের গ্রামের বাড়িতে সামরিক মর্যাদায় দাফন করা হয়েছে।
রোববার (২১ ডিসেম্বর) দুপুরে দুই সেনা সদস্যের লাশ সামরিক হেলিকপ্টারে করে এনে জেলার উলিপুর উপজেলার হেলিপ্যাডে নামানো হয়।
পরে পৃথক দু’টি অ্যাম্বুলেন্সে মো: মমিনুলের লাশ গ্রামের বাড়ি উলিপুরের উত্তর পকন্ডুল গ্রামে আর শান্ত মন্ডলকে তার গ্রামের বাড়ি রাজারহাট উপজেলার ছাট মাধাই গ্রামে নিয়ে যাওয়া হয়। এ সময় সেনাবাহিনীর সদস্যদের উপস্থিতিতে যথাযথ সামরিক মর্যাদায় নিহত দুই সেনা সদস্যের লাশ তাদের গ্রামের বাড়িতে দাফন করা হয়।
উল্লেখ্য, নিহত সৈনিক মো: মমিনুল ইসলাম ২০০৮ সালে সেনাবাহিনীতে সৈনিক পদে যোগদান করেন। তিনি চলতি বছরে মিশনে যোগ দেন। দুই কন্যাসন্তানের জনক তিনি। মমিনুলের মৃত্যুতে তার পরিবারসহ গ্রামে শোকের ছায়া নেমে আসে।
অন্যদিকে, নিহত শান্ত মন্ডল ২০১৮ সালে বাংলাদেশ সেনাবাহিনীতে সৈনিক পদে যোগদান করেন। এরপর চলতি বছরের নভেম্বরে শান্তি মিশনে সুদানে যান। সেখানে বিদ্রোহীদের বোমার আঘাতে প্রাণ হারান তিনি। দু’ বছর আগে দিলরুবা আক্তার বৃষ্টির সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হন শান্ত। বর্তমানে বৃষ্টি পাঁচ মাসের অন্তঃসত্ত্বা বলে জানায় পারিবার।



