লক্ষ্মীপুর জেলার সদর উপজেলা জামায়াতে ইসলামীর যুব বিভাগের এক নেতাকে অপহরণ করে চাঁদা দাবির অভিযোগ উঠেছে অজ্ঞাতনামা ৪-৫ জনের বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
সদর উপজেলার ৬ নম্বর ভাঙ্গাখাঁ ইউনিয়নের মিরিকপুর গ্রামের আবদুল জলিলের ছেলে মো: মহসিন (২৩) গত ১৫ ফেব্রুয়ারি রাত আনুমানিক ১১টার দিকে লক্ষ্মীপুর বাজার থেকে সিএনজিযোগে বাড়ি ফেরার পথে এ ঘটনা ঘটে বলে মামলার এজহার সূত্রে জানা গেছে।
ঘটনার সময় মিরিকপুর বাজার এলাকায় পৌঁছালে অজ্ঞাতনামা ব্যক্তিরা তার ব্যবহৃত মোবাইল ফোনে কল দিয়ে সেখানে অবস্থান করতে বলে। পরে ৪-৫ জন ব্যক্তি তাকে জোরপূর্বক সিএনজি থেকে নামিয়ে পার্শ্ববর্তী একটি বাগানে নিয়ে যায়। সেখানে রাজনৈতিক বিষয় নিয়ে হুমকি প্রদান করে তার কাছে ১ লাখ টাকা চাঁদা দাবি করা হয় বলে অভিযোগে আরো উল্লেখ করা হয়েছে। টাকা দিতে অস্বীকৃতি জানালে তাকে শারীরিকভাবে নির্যাতন করা হয় এবং প্রাণনাশের হুমকি দেয়া হয়।
অভিযোগে আরো বলা হয়, পরদিন রাত আনুমানিক ৩টার দিকে তাকে বিষ্ণুপুর গ্রামের একটি সড়কের পাশে ফেলে রেখে যায় অভিযুক্তরা।
এ বিষয়ে লক্ষ্মীপুর সদর মডেল থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন ভুক্তভোগী।
সদর থানা ওসি জানান আমরা অভিযোগ পেয়েছি তদন্তের পর এ ব্যাপারে ব্যবস্থা নেয়া হবে।



