সুনামগঞ্জের তাহিরপুরে যাদুকাটা নদীর পাড় ধসে বালুচাপায় লেয়াকত আলী (৩৫) নামে এক শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো পাঁচজন শ্রমিক।
রোববার (২৯ মার্চ) ভোরে উপজেলার যাদুকাটা নদীর জালরটেক বাশঁ বাগানে দুর্ঘটনাটি ঘটে।
নিহত লিয়াকত বিশ্বম্ভরপুর উপজেলার সিরাজপুর গ্রামের বাসিন্দা।
স্থানীয় সূত্রে জানা যায়, বাদাঘাট ইউনিয়ন ঘাগটিয়া জালরটেক এলাকার শামসু মিয়ার বাড়ির পাশে যাদুকাটা নদীর তীরে বাঁশ বাগান এলাকায় ভোরে বালু উত্তোলন করতে যান শ্রমিকরা। এসময় হঠাৎ নদীর পাড় ধসে পড়ে। এতে লিয়াকতসহ ছয়জন বালুচাপায় আটকে পড়েন। সাথে থাকা লোকজন ঘণ্টা খানেক চেষ্টার পর তাদের উদ্ধার করে। তবে লিয়াকত ঘটনাস্থলেই বালুচাপায় মারা যান।
আহত শ্রমিকদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান স্থানীয়রা। তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, স্থানীয় প্রভাবশালীরা নিয়মবহির্ভূতভাবে নদীর পাড় বিক্রি করে বালু উত্তোলন করে নৌকায় করে দেশের বিভিন্ন স্থানে পাঠিয়ে দিচ্ছে। এতে নদীর পাড় ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছিল।
তাহিরপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হবে।’



