কুষ্টিয়ার খোকসার পল্লীতে গড়াই নদীতে গোসল করতে নেমে দুই শিশু নিখোঁজ হয়েছে। শনিবার (৭ মার্চ) দুপুর আড়াইটার দিকে গড়াই নদীর খোকসা-ওসমানপুর খেয়া ঘাটে এ ঘটনা ঘটে।
নিখোঁজ শিশুরা হলো— ফারুকের মেয়ে তাইফা (৭) ও সোহেলের মেয়ে সুরাইয়া (৮)। ডিঙি নৌকার মাঝিরা সামিয়া (৬) ও সুমাইয়া (৮) নামে অপর দুই শিশুকে জীবিত উদ্ধার করেছে।
স্থানীয়রা জানান, দুপুরে গড়াই নদীতে গোসলে নামে চার শিশু। পরে তারা সাঁতরে নদীর মাঝে জেগে ওঠা চরে যাওয়ার চেষ্টা করে। কিন্ত নদীর স্রোত শিশুদের ভাসিয়ে গভীর নদীতে নিয়ে যায়। এ সময় খেয়া ঘাটের ডিঙি নৌকার মাঝিরা দুই শিশুকে জীবিত উদ্ধার করে।
নিখোঁজ অপর দুই শিশুর সন্ধানে ফায়ার সার্ভিস ও স্থানীয় জেলেরা নদীতে তল্লাশি অব্যাহত রেখেছে। তবে খুলনা থেকে ডুবুরি দল আসার পর মূল অভিযান শুরু হবে।
উদ্ধার হওয়া শিশু সামিয়া জানায়, তারা চারজন একসাথে নদীতে গোসলে নামে। তারা সাঁতার দিয়ে নদীর মাঝে জেগে ওঠা চরে যাচ্ছিল। এ সময় নদীর স্রোত তাদের ভাসিয়ে নিয়ে যায়। তারা সবাই ডাঙায় ওঠার চেষ্টা করছিল। কিন্তু অন্যরা ভেসে গেছে।
খোকসা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স খোকসা ইউনিটের লিডার রওশন আলী জানান, উদ্ধার হওয়া জীবিত শিশুদের বক্তব্য অনুযায়ী দুই শিশু নিখোঁজ রয়েছে। খুলনা থেকে ডুবুরি দল রওনা হয়েছে। রাত ৮টা নাগাদ তাদের এসে পৌঁছানোর কথা রয়েছে। আলোর ব্যবস্থা করা গেলে নিখোঁজ শিশুদের উদ্ধারে অভিযান চালানো যেতে পারে।



