প্রধানমন্ত্রীর নির্দেশে চট্টগ্রামে বন্যা দুর্গতদের পাশে ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রী

বুধবার (৮ জুলাই) সন্ধ্যা সাড়ে ৬টার থেকে রাত ৯টা পর্যন্ত চট্টগ্রামের বিভিন্ন এলাকায় ভারিবর্ষণ ও পাহাড়ধসে ক্ষতিগ্রস্তদের মাঝে তিনি ত্রাণ বিতরণ করেন।

নয়া দিগন্ত অনলাইন

Location :

Chattogram
চট্টগ্রামে বন্যা দুর্গতদের পাশে ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রী
চট্টগ্রামে বন্যা দুর্গতদের পাশে ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রী |নয়া দিগন্ত

চট্টগ্রামের বিভিন্ন বন্যা ও পাহাড়ধস এলাকা পরিদর্শন এবং ক্ষতিগ্রস্তদের মাঝে মাননীয় প্রধানমন্ত্রীর ত্রাণসামগ্রী বিতরণ করেছেন ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন এমপি।

বুধবার (৮ জুলাই) সন্ধ্যা সাড়ে ৬টার থেকে রাত ৯টা পর্যন্ত তিনি দুর্গতদের মাঝে ত্রাণ বিতরণ করেন। পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় থেকে গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

ত্রাণসামগ্রী বিতরণকালে প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন বলেন, দেশের যেকোনো দুর্যোগে ও দেশের কল্যাণ সাধনে দুঃখী মানুষের পাশে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সবসময় আছেন এবং ভবিষ্যতেও থাকবেন। প্রধানমন্ত্রীর নির্দেশনায় চট্টগ্রামের প্রতিটি ক্ষতিগ্রস্ত মানুষের দ্বারে দ্বারে ত্রাণসামগ্রী যথাসময়ে পৌঁছে দেয়া হবে, কেউ সহায়তাহীন থাকবে না।

এর আগে বুধবার বিকেলে প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে ঢাকায় তার কার্যালয়ে সাক্ষাৎ করেন প্রতিমন্ত্রী মীর হেলাল উদ্দীন। সাক্ষাৎকালে মাননীয় প্রধানমন্ত্রী চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রামের বিভিন্ন এলাকায় অধিক বৃষ্টিপাতে সৃষ্ট প্রাকৃতিক বিপর্যয়ে উদ্ভূত পরিস্থিতির সার্বিক খোঁজখবর নেন। তিনি এ বিষয়ে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট সবাইকে নির্দেশনা দেন।

প্রতিমন্ত্রী বলেন, সাক্ষাতের সময় প্রধানমন্ত্রী কঠিন এ পরিস্থিতিতে দেশবাসীকে ধৈর্য ধারণের আহ্বান জানিয়ে দুর্গত মানুষের নিরাপত্তা নিশ্চিতকরণসহ খাদ্য, বস্ত্র ও আশ্রয় সহায়তা করার প্রতি বিশেষ জোর দেন।

মাননীয় প্রধানমন্ত্রীর সেই সদয় নির্দেশনা পাওয়ার পরপরই বৈরী আবহাওয়াকে উপেক্ষা করে মানুষের কল্যাণের জন্য তড়িঘড়ি করে চট্টগ্রামের উদ্দেশ্যে রওয়ানা হন প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল।

তিনি সন্ধ্যা সাড়ে ৬টায় চট্টগ্রাম শহরে পৌঁছান এবং চট্টগ্রামের বিভিন্ন এলাকা ও হাটহাজারী উপজেলার ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণসামগ্রী পৌঁছে দেন। এ সময় স্থানীয় প্রশাসন, দলীয় নেতাকর্মীসহ সর্বস্তরের ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

প্রতিমন্ত্রী রাত ৯টায় চট্টগ্রামের হাটহাজারী পৌরসভার তিন নম্বর আজিমপুর ওয়ার্ড এলাকায় প্রবল বর্ষণে ক্ষতিগ্রস্ত জনগণকে মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ত্রাণসহায়তা পৌঁছে দেন প্রতিমন্ত্রী।

এর আগে রাত সাড়ে ৮টায় হাটহাজারী উপজেলার মেখলের ইছাপুর এলাকায় প্রবল বর্ষণে ক্ষতিগ্রস্ত দুর্গত মানুষের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করেন।

তার আগে, সন্ধ্যা সাড়ে ৭টায় চট্টগ্রাম সিটি কর্পোরেশনের এক নম্বর দক্ষিণ পাহাড়তলীর খিল্লাপাড়া এলাকায় প্রবল বর্ষণে ক্ষতিগ্রস্ত জনগণকে মাননীয় প্রধানমন্ত্রীর ত্রাণসহায়তা পৌঁছে দেন।

সন্ধ্যা ৭টায় চট্টগ্রামের জালালাবাদ বটতল এলাকায় প্রবল বর্ষণে প্লাবিত এলাকা পরিদর্শন করেন ও ত্রাণ বিতরণ করেন। এসময় মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে সরকারি সহায়তার বার্তা পৌঁছে দেন।

এর আগে, প্রতিমন্ত্রী সাড়ে ৬টার দিকে চট্টগ্রাম মহানগরের বায়েজিদ থানার অন্তর্গত বাংলাবাজার ব্যাংক কলোনি পাহাড়ের ফাটল এলাকা পরিদর্শন করেন এবং এলাকাবাসীকে সতর্ক থাকার আহ্বান জানান। একই সাথে মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে দ্রুত সরকারি সহায়তা পৌঁছে দেয়ার আশ্বাস দেন। বিজ্ঞপ্তি