বাউবির এসএসসি-২০২৬ পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬৩.৭৪ শতাংশ

বিশ্ববিদ্যালয়টি নকলমুক্ত, সুষ্ঠু ও আধুনিক পরীক্ষাব্যবস্থা নিশ্চিতের পাশাপাশি পরীক্ষা ও ফলাফল প্রকাশ প্রক্রিয়াকে দ্রুততর ও প্রযুক্তিনির্ভর করতে কাজ করছে।

মোহাম্মদ আলী ঝিলন, গাজীপুর
বাউবির এসএসসি-২০২৬ পরীক্ষার ফল প্রকাশ
বাউবির এসএসসি-২০২৬ পরীক্ষার ফল প্রকাশ |নয়া দিগন্ত

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) এসএসসি পরীক্ষা-২০২৬-এর ফলাফল প্রকাশ করা হয়েছে। বৃহস্পতিবার (২৭ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে আনুষ্ঠানিকভাবে ফলাফল প্রকাশ করেন বাউবির ভিসি অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান। এবার গড় পাসের হার ৬৩ দশমিক ৭৪ শতাংশ।

এ বছর প্রথম ও দ্বিতীয় বর্ষের পরীক্ষায় অংশ নেয় ৩০ হাজার ৮১৬ জন শিক্ষার্থী। চূড়ান্ত পরীক্ষায় অংশগ্রহণকারীর সংখ্যা ছিল ১২ হাজার ২৪ জন, যাদের মধ্যে উত্তীর্ণ হয়েছে সাত হাজার ৬৬৪ জন। উত্তীর্ণদের মধ্যে ছাত্র চার হাজার ৭২৫ জন ও ছাত্রী দুই হাজার ৯৩৯ জন।

বাউবির পরীক্ষা নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) মো: হাবিবুল্যাহ মাহামুদ বুধবার (২৬ আগস্ট) এসএসসি পরীক্ষার ফলাফলের গেজেট ভিসির কাছে হস্তান্তর করেন এবং ভিসি আনুষ্ঠানিকভাবে আজ এ ফলাফল ঘোষণা করেন।

ফলাফল ঘোষণাকালে ভিসি অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান বলেন, দেশের দ্বিতীয় বৃহত্তম পাবলিক বিশ্ববিদ্যালয় হিসেবে বাউবি মূলধারার শিক্ষার বাইরে থাকা মানুষের জন্য শিক্ষার দ্বিতীয় সুযোগ সৃষ্টি করে যাচ্ছে।

তিনি বলেন, বিশ্ববিদ্যালয়টি নকলমুক্ত, সুষ্ঠু ও আধুনিক পরীক্ষাব্যবস্থা নিশ্চিতের পাশাপাশি পরীক্ষা ও ফলাফল প্রকাশ প্রক্রিয়াকে দ্রুততর ও প্রযুক্তিনির্ভর করতে কাজ করছে। এসএসসি পরীক্ষা-২০২৬-এর ফলাফল নির্ধারিত সময়ের মধ্যে, মাত্র ৪৯ কার্যদিবসে প্রকাশ করা সম্ভব হয়েছে। যা ফলাফল প্রকাশে বিলম্বের পূর্ববর্তী ধারণা থেকে বেরিয়ে আসার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।

কৃতকার্য শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে ভিসি বলেন, যারা এবার উত্তীর্ণ হতে পারেননি, তাদের হতাশ না হয়ে পুনরায় পরীক্ষায় অংশগ্রহণ করে শিক্ষাজীবন অব্যাহত রাখতে হবে।

তিনি বলেন, শিক্ষার্থীদের স্বার্থে পরীক্ষাব্যবস্থার পূর্ণাঙ্গ অটোমেশন, কিউআর কোডযুক্ত পরিচয়পত্র, ছবিযুক্ত প্রবেশপত্র ও আগামী পরীক্ষায় ই-অ্যাটেনডেন্স চালুর উদ্যোগ নেয়া হয়েছে।

ফলাফল প্রকাশ ও পরীক্ষা পরিচালনার সাথে সংশ্লিষ্ট শিক্ষক, পরীক্ষক, পরীক্ষা কমিটি, আঞ্চলিক ও উপ-আঞ্চলিক কেন্দ্র, স্টাডি সেন্টার, পরীক্ষা বিভাগ, আইসিটি বিভাগ ও গণমাধ্যমকর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি। একইসাথে বাউবিকে একটি মানবিক ও গুণগত শিক্ষার বিশ্ববিদ্যালয় হিসেবে আরো এগিয়ে নিতে সবার সহযোগিতা কামনা করেন ভিসি।

বাউবির এসএসসি পরীক্ষা-২০২৬-এর ফলাফল result.bou.ac.bd ওয়েবসাইটে পাওয়া যাবে।