পঞ্চগড়ের দেবীগঞ্জে মাদকবিরোধী বিশেষ অভিযানে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার রাত সাড়ে ১১টার দিকে পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের নতুন বন্দর এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটকরা হলেন—সাকিব ইসলাম (২০), মনিরুল ইসলাম (২৫) ও ইউনুছ আলী।
পুলিশ জানায়, মাদক বিক্রির সময় সাকিব ইসলামকে হাতেনাতে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ১৯ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে ঘটনাস্থল থেকে আরো দুজনকে আটক করা হয়।
দেবীগঞ্জ থানার ওসি সেলিম মালিক জানান, আটকদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে। মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।



