ফেনী সীমান্তে বিএসএফের গুলিতে নিহত লিটনের লাশ ২২ ঘণ্টা পর হস্তান্তর

বৃহস্পতিবার দিবাগত রাত ১২টার দিকে পরশুরাম -এর বাঁশপদুয়া সীমান্তে বিএসএফের গুলিতে দুই বাংলাদেশী নিহত ও একজন গুরুতর আহত হয়।

শাহাদাত হোসাইন, ফেনী অফিস

Location :

Feni

ফেনীর পরশুরামে ভারতীয় সীমান্তে বিএসএফের গুলিতে নিহত মো: ইয়াছিন লিটনের (৩২) লাশ শুক্রবার রাত ১০টার দিকে হস্তান্তর করা হয়েছে।

বিলোনিয়া চেকপোস্ট দিয়ে বিলোনিয়া থানার ভারপ্রাপ্ত ওসি শিব রঞ্জন দের নেতৃত্বে পরশুরাম মডেল থানার ভারপ্রাপ্ত ওসি নুরুল হাকিমের কাছে লাশ হস্তান্তর করা হয়।

এর আগে বিজিবির ফেনী ব্যাটেলিয়ানের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ মোশারফ হোসেন এবং বিএসএফের ৩৪ ব্যাটেলিয়ন অধিনায়ক এএস বিরেন্দ্রশীলের নেতৃত্বে এবং দুই দেশের কোম্পানি কমান্ডার পর্যায়েও পৃথক পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। শেষে রাত ৯টার বাংলাদেশ সীমান্তের বিলোনিয়া ভারতীয় ২১৬৬ পিলার দিয়ে পরশুরাম মডেল থানার পুলিশের কাছে লাশ হস্তান্তর করা হয়।

বিজিবির ফেনী ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ মোশারফ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পরশুরাম মডেল থানা পুলিশের কাছে নিহত লিটনের লাশ হস্তান্তর করা হয়েছে।

পরশুরাম মডেল থানার ওসি নুরুল হাকিম নয়া দিগন্তকে জানান, নিহত লিটনের লাশ ময়নাতদন্তের জন্য ফেনী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে শনিবার স্বজনদের কাছে লিটনের লাশ হস্তান্তর করা হবে।

উল্লেখ্য, বৃহস্পতিবার দিবাগত রাত ১২টার দিকে পরশুরাম -এর বাঁশপদুয়া সীমান্তে বিএসএফের গুলিতে দুই বাংলাদেশী নিহত ও একজন গুরুতর আহত হয়। হতাহতদের স্বজনদের অভিযোগ, বন্যার পানিতে কৃষি জমিতে মাছ ধরতে গেলে বিএসএফ অন্যায়ভাবে গুলি চালায়। তবে বিএসএফের পক্ষ থেকে জানানো হয়, দুই দেশের চোরাকারবারিরা শূন্য রেখা অতিক্রম করে ভারতে একত্রিত হলে বিএসএফ গুলি ছোড়ে। ঘটনাস্থল থেকে বিপুল পরিমাণ ভারতীয় পণ্য জব্দ করা হয়।