পিরোজপুরের জিয়ানগরে বলেশ্বর নদীতে পড়ে মাহাবুব বেপারী (৬০) নামে এক জাল মেরামত শ্রমিক নিখোঁজ হয়েছেন।
শনিবার (৪জুলাই) সকাল ১১টার দিকে উপজেলার জিয়ানগর সেতুর নিচে রাখা মাছ ধরার ট্রলার থেকে তিনি নদীতে পড়ে যান। খবর পেয়ে জিয়ানগর ফায়ার সার্ভিস ও পিরোজপুর ফায়ার সার্ভিসের একটি ডুবুরী দল উপস্থিত হয়ে উদ্ধার কাজ শুরু করে।
মাহাবুব বেপারী পাশ্ববর্তী মোড়েলগঞ্জ উপজেলার পূর্ব চন্ডিপুর গ্রামের মরহুম বুরজুক আলী বেপারীর ছেলে।
জানা যায়, জিয়ানগর বলেশ্বর সেতুর নিচে পিলারের চাতালে বসে দশ-বারজন শ্রমিক এফবি মায়ের দোয়া নামে একটি ট্রলারের জাল মেরামত করছিলেন। এসময় বাথরুমের চাপ আসলে শ্রমিক মাহাবুব বেপারী ট্রলারের টয়লেটে যাওয়ার জন্য চাতাল থেকে ট্রলারে যাবার সময় পা পিছলে নদীতে পড়ে তলিয়ে যান। তখন অন্য জেলেরা তাকে উদ্ধারের জন্য নদীতে ঝাপিয়ে পড়েও তাকে উদ্ধার করতে পারেননি।
খবর পেয়ে জিয়ানগর ফায়ার সার্ভিস ও পিরোজপুর ফায়ার সার্ভিসের একটি ডুবুরী দল উপস্থিত হয়ে উদ্ধার কাজ শুরু করেন। তবে নদীতে অনেক স্রোত থাকায় উদ্ধার কাজে ব্যহত হচ্ছে। বরিশাল থেকেও একটি ডুবুরী দল নিখোঁজ শ্রমিককে উদ্ধারের জন্য রওয়ানা দিয়েছেন।
ট্রলারের মালিক ফারুক শেখ জানান, মাহালুম মাঝি আমার ভাইয়ের শ্বশুর। তিনি ছেড়া জাল মেরামত করার জন্য সকালে এখানে এসেছিলেন। বাথরুমে যাওয়ার সময় ট্রলারে উঠতে গিয়ে পা পিছলে নদীতে পড়ে নিখোঁজ হন।
ইন্দুরকানী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: মহব্বত খান জানান, বলেশ্বর নদীতে পড়ে এক জেলে শ্রমিক নিখোঁজের খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়েছি। এবং এ ব্যাপারে একটি জিডি করা হয়েছে।
জিয়ানগর ফায়ার সার্ভিসের ইনচার্জ মো: নুরুজ্জামান শরীফ বলেন, ‘খবর পেয়ে তখনই আমরা ঘটনাস্থলে গিয়েছি। পিরোজপুর থেকেও ফায়ার সার্ভিসের একটি ডুবুরী দর এসে উদ্ধার তৎপরতা শুরু করেছে। তবে নদীতে খুব স্রোত থাকায় উদ্ধার তৎপরতায় দেরি হচ্ছে।’



