বুড়িচংয়ে বন্ধুর সাথে ঘুরতে গিয়ে সড়ক দুর্ঘটনায় কিশোর নিহত

বন্ধুর সাথে ঘুরতে গিয়ে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় কিশোর নিহত হয়েছে।

বুড়িচং (কুমিল্লা) সংবাদদাতা

Location :

Burichong
নিহত রফিকুল ইসলাম
নিহত রফিকুল ইসলাম |নয়া দিগন্ত

কুমিল্লার বুড়িচংয়ে বন্ধুর সাথে ঘুরতে গিয়ে বাড়ি ফেরার পথে বাঁশবোঝাই ভ্যানের সাথে সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে রফিকুল ইসলাম (১৭) নামে এক কিশোর নিহত হয়েছে। বাঁশের আঘাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে জানিয়েছে পরিবার।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কের বুড়িচং উপজেলার পারুয়ারা বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত রফিকুল দেবীদ্বার উপজেলার ৮ নম্বর জাফরগঞ্জ ইউনিয়নের বারুর গ্রামের আমির সরকার বাড়ির মো: সফিকুল ইসলাম সরকারের ছেলে। তিনি জাফরগঞ্জ মীর আব্দুল গফুর কলেজ থেকে এবার এইচএসসি পরীক্ষা দিয়েছিল।

নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার বিকেলে এক বন্ধুকে সাথে নিয়ে রফিকুল কুমিল্লা শহরে ঘুরতে যায়। রাতে সিএনজিচালিত অটোরিকশাযোগে বাড়ি ফেরার পথে পারুয়ারা বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে বাঁশবোঝাই একটি ভ্যানের সাথে সিএনজিটির সংঘর্ষ হয়। এ সময় ভ্যানে থাকা বাঁশের আঘাতে গুরুতর আহত হয়ে রফিকুল ঘটনাস্থলে মারা যায়।

নিহতের চাচাতো ভাই আনোয়ার হোসেন বলেন, ‘রফিকুল তার এক বন্ধুকে নিয়ে কুমিল্লা ঘুরতে গিয়েছিল। ফেরার পথে পারুয়ারা এলাকায় বাঁশবোঝাই ভ্যানের সাথে সিএনজির সংঘর্ষ হয়। বাঁশের আঘাতেই তার মৃত্যু হয়েছে।’

এ বিষয়ে ময়নামতি হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ আবদুল মমিনের সাথে একাধিকবার মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও কথা বলা সম্ভব হয়নি।