পর্যটন অধ্যুষিত চা অঞ্চল এলাকা মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) আসনে কোনো রকমের অপ্রীতিকর ঘটনা ছাড়াই শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। এ সময় চা বাগানসহ পুরো উপজেলায় নারী ভোটারদের উপস্থিতি ছিল লক্ষণীয়।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল থেকেই বেশির ভাগ ভোট কেন্দ্রেই ভোটারের দীর্ঘ লাইন ছিল চোখে পড়ার মতো। বেলা বাড়ার সাথে সাথে প্রতিটি কেন্দ্রেই ভোটারদের পাশাপাশি কেন্দ্রের বাইরে উৎসুক জনতার ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ করা গেছে।
দীর্ঘ প্রায় দেড় যুগ পর ভোটের পরিবেশ ফিরে আসায় ভোটাররা তাদের নাগরিক অধিকার ভোটপ্রদানে কেন্দ্রগুলোতে দলে দলে আসেন। অনেক অসুস্থ এবং বয়স্ক লোকদেরও ভোটকেন্দ্রে আসতে দেখা যায়। বিকাল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে চলে ভোট গ্রহণ। ভোটের পরিবেশ ভালো হওয়ায় অনেক অনেক প্রবাসীরাও সপরিবারে দেশে আসেন ভোট দিতে।
১৭ বছর পর ভোট দিতে এসে কেউ কেউ উচ্ছ্বাস প্রকাশ করেছেন। এসময় লন্ডন প্রবাসী নূর বক্স ও দেলোয়ার হোসেন আহাদ জানান, হামলা-মামলার ভয়ে বিগত নির্বাচনগুলোতে তারা ভোট দেয়াতো দূরের কথা, দেশেও আসতে পারেননি। এবছর তারা দেশে এসেছেন, ভোট দিচ্ছেন, এমনকি প্রবাসীরাও পোস্টাল ভোটের মাধ্যমে ভোটে অংশ নিচ্ছেন। এবারের সংসদ নির্বাচনের সাথে গণভোটে নিজের মতামত দিতে পেরে তারা খুব আনন্দিত।



