যশোরের ঝিকরগাছার গঙ্গানন্দপুরে হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে জামায়াতে ইসলামী।
শনিবার (৩১ জানুয়ারি) বিকেলে ঝিকরগাছা বাজারে এই মিছিল অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তৃতা করেন জামায়াতের মহিলা বিভাগের যশোর-কুষ্টিয়া অঞ্চলের সহকারী অঞ্চল পরিচালিকা ফিরোজা ইয়াসমিন বিউটিসহ জামায়াত, এনসিপি ও ছাত্রশিবিরের নেতৃবৃন্দ। তারা অবিলম্বে হামলাকারীদের গ্রেফতারের দাবি জানান।
জামায়াত অভিযোগ করেছে, ঝিকরগাছা উপজেলার গঙ্গানন্দপুর ইউনিয়নের শ্রীচন্দ্রপুর গ্রামে নির্বাচনী প্রচারণার সময় সংগঠনের নেতাকর্মীদের ওপর বিএনপি কর্মীরা হামলা চালিয়েছে। এ সময় তিনজন আহত হন। হামলাকারীরা জামায়াত কর্মীদের মোটরসাইকেল ও মোবাইল ফোন ভাঙচুর করে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, শনিবার দুপুরে শ্রীচন্দ্রপুর গ্রামে জামায়াতের মহিলা বিভাগের ১০-১২ জন কর্মী দাঁড়িপাল্লার পক্ষে গণসংযোগে বের হন। ওই সময় বিএনপির একদল নেতাকর্মী তাদের পথরোধ করে প্রচারণায় বাধা দেন। তারা নারীদের অকথ্য ভাষায় গালিগালাজ ও হেনস্তা করেন।
নারী কর্মীদের অবরুদ্ধ ও হেনস্তার খবর পেয়ে জামায়াতের যুব বিভাগ ও শিবিরের ৮-১০ জন কর্মী ঘটনাস্থলে যান। তখন বিএনপি কর্মীরা ফের বাকবিতণ্ডায় লিপ্ত হন।
ভুক্তভোগীদের অভিযোগ, বাকবিতণ্ডার একপর্যায়ে বিএনপির কর্মীরা জামায়াত কর্মীদের ওপর অতর্কিত হামলা চালান। হামলায় শিবির কর্মী মুস্তাকিম, বায়জিদ এবং যুব জামায়াত কর্মী জহিরুল ইসলাম আহত হন। আহতরা ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে চিকিৎসা গ্রহণ করেছেন।
আহত মুস্তাকিম হাসান জানান, হামলাকারীরা কেবল মারধরই করেনি, তাদের ব্যবহৃত মোটরসাইকেল ও মোবাইল ফোনও ভাঙচুর করেছে।



