বাঁধ নির্মাণে অনিয়মের ব্যাপারে এমপি কামরুলের হুঁশিয়ারী

‘আমি হাওর পাড়ের সন্তান, আমি সব কিছু বুঝি, সাবেক উপজেলা চেয়ারম্যান ছিলাম।’

মেহেদী হাসান ভূঁইয়া, তাহিরপুর (সুনামগঞ্জ)

Location :

Tahirpur
হাওরের ফসলরক্ষা বাঁধ নির্মাণ পরিদর্শন করেন সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান কামরুল
হাওরের ফসলরক্ষা বাঁধ নির্মাণ পরিদর্শন করেন সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান কামরুল |নয়া দিগন্ত

হাওরের ফসলরক্ষা বাঁধ নির্মাণে অনিয়ম করে কেউ পার পাবেন না বলে হুঁশিয়ারী দিয়েছেন সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান কামরুল।

শুক্রবার (২৭ মার্চ) দুপুরে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার আলমখালী বাঁধ পরিদর্শনে গিয়ে তিনি একথা বলেন।

‘তাহিরপুরে যারা চাকরি করতে আসে তাদের টাকা দিয়ে আসতে হয়’ বলে মন্তব্য করে ‘এখন টাকা দিয়ে যেতে হবে বলে’ বলে পাউবোর দায়িত্বশীল, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পিআইসিদের সর্তক করেন কামরুজ্জামান কামরুল।

তিনি আরো বলেন, ‘আমি হাওর পাড়ের সন্তান, আমি সব কিছু বুঝি, সাবেক উপজেলা চেয়ারম্যান ছিলাম। প্রয়োজনে আমরাও ভয়ঙ্কর হতে পারি। তাই অনুরোধ করবো আমাদের বাধ্য করবেন না। অনিয়ম ছাড় দেয়া হবে না, কঠোর পদক্ষেপ নেয়া হবে, কঠিন পরিস্থিতির শিকার হবেন।’

এসময় তিনি আরো বলেন, ‘পাহাড়ি ঢলের পানিতে ফসল রক্ষা বাঁধের কোনো ক্ষতি হলে কোনো ছাড় দেয়া হবে না। প্রধানমন্ত্রী তারেক রহমান অনিয়ম-দুর্নীতিসহ সকল কাজেই জিরো টলারেন্স নীতি নিয়ে কাজ করছেন, তা সবার মাথায় রাখতে হবে।

পাউবোর দায়িত্বশীলদের উদ্দেশে কামরুজ্জামান কামরুল বলেন, ‘পিআইসিরা টাকার চেক নিতে গেলে যদি কোনো টাকা রাখা হয় তাহলে এর জবাবদিহি করতে হবে। মাথায় রেখে কাজ করবেন। আর আপনারা সমগ্র হাওর রক্ষা বাঁধগুলোতে পরিবেশবান্ধব বাঁধ নির্মাণ করেন।’

এ সময় উপজেলার নির্বাহী কর্মকর্তা মো: মেহেদী হাসান মানিক, সুনামগঞ্জ পাউবো প্রকৌশলী মামুন হাওলাদার, ওসি আমিনুল ইসলাম, উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির প্রথম যুগ্ম আহ্বায়ক ও সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জুনাব আলী, যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান উজ্জ্বলসহ বিএনপির নেতাকর্মী-সমর্থকরা ও হাওর পাড়ের কৃষকরা উপস্থিত ছিলেন।