মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলায় পূর্ব শত্রুতার জেরে বীর মুক্তিযোদ্ধা মো: ওয়াহিদুজ্জামান নইমুল (৭৬)-কে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর জখম করেছে দুর্বৃত্তরা।
মঙ্গলবার (৩১ মার্চ) দুপুর সাড়ে ১২টার দিকে বালুয়াকান্দি বাস স্ট্যান্ড সংলগ্ন জিস্ট পলিটেকনিক ইনস্টিটিউটের সামনে এ হামলার ঘটনা ঘটে।
স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে তার শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
আহত মুক্তিযোদ্ধা নইমুল বালুয়াকান্দি গ্রামের মরহুম আব্দুর রাজ্জাকের ছেলে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে দীর্ঘদিন ধরে তার সাথে স্থানীয় নাসিমুল ও মনির গংদের বিরোধ চলছিল।
জানা যায়, মঙ্গলবার বিরোধপূর্ণ জমি পরিমাপ চলাকালে নইমুল ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দিকে এগোলে আগে থেকেই ওঁত পেতে থাকা ১০-১২ জনের একটি দল দেশীয় অস্ত্র নিয়ে তার ওপর অতর্কিত হামলা চালায়। হামলাকারীরা তাকে কুপিয়ে ও পিটিয়ে রাস্তায় ফেলে রেখে পালিয়ে যায়।
হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আহত মুক্তিযোদ্ধা অভিযোগ করে বলেন, ল্যাংড়া খোকনের ছেলে তুহিন ও তার সহযোগীরা এ হামলায় জড়িত।
তিনি দাবি করেন, গত রাতেও তাকে হুমকি দেয়া হয়েছিল। তুহিন এলাকায় চিহ্নিত অপরাধী এবং রাজনৈতিক পরিচয়ে প্রভাব খাটিয়ে সন্ত্রাসী কর্মকাণ্ড চালাচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।
গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা: শারমিন সুলতানা জানান, আহত ব্যক্তির অবস্থা আশঙ্কাজনক। তার একটি হাত ও একটি পা ভেঙে গেছে এবং মাথার পেছনে ধারালো অস্ত্রের গভীর আঘাত রয়েছে। প্রাথমিক চিকিৎসা শেষে তাকে দ্রুত উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
এ বিষয়ে গজারিয়া থানার অফিসার ইনচার্জ মো: হাসান আলী বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এখনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।
উল্লেখ্য, আহত মুক্তিযোদ্ধা নইমুল দীর্ঘদিন ধরে স্থানীয় বিভিন্ন ঘটনায় আলোচিত। ২০২৪ সালের মে মাসে তিনি বালুয়াকান্দি ইউনিয়ন পরিষদের তৎকালীন চেয়ারম্যানের বিরুদ্ধে চাঁদা দাবি ও অপহরণের অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছিলেন। ওই ঘটনায় অভিযুক্ত তুহিন সাবেক চেয়ারম্যানের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত। এ নিয়ে এলাকায় দীর্ঘদিন ধরে উত্তেজনা বিরাজ করছিল।



