নিখোঁজের ২ দিন পর আশুলিয়ায় ব্যবসায়ীর লাশ উদ্ধার

গাজীপুরের কালিয়াকৈর থেকে নিখোঁজের দু’দিন পর ঢাকার আশুলিয়ার বংশী নদী থেকে মঈনুল ইসলাম (৫৫) নামে এক ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে পুলিশ।

তুহিন আহামেদ, আশুলিয়া (ঢাকা)

Location :

Dhaka
আশুলিয়ার বংশী নদী থেকে লাশ উদ্ধার করা হয়েছে
আশুলিয়ার বংশী নদী থেকে লাশ উদ্ধার করা হয়েছে |নয়া দিগন্ত

গাজীপুরের কালিয়াকৈর থেকে নিখোঁজের দু’দিন পর ঢাকার আশুলিয়ার বংশী নদী থেকে মঈনুল ইসলাম (৫৫) নামে এক ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (১৯ জুলাই) আশুলিয়ার শিমুলিয়া ইউনিয়নের বাইদগাঁও দক্ষিণপাড়া থেকে লাশটি উদ্ধার করা হয়। এ সময় তার কাছে থাকা ২৬ হাজার ৩৪০ টাকা, একটি মোবাইল ফোন এবং বেশ কয়েকটি চাবি উদ্ধার করা হয়।

নিহত মঈনুল ইসলাম গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সূত্রাপুর নামাপাড়া এলাকার মজিবুর রহমানের ছেলে। তিনি পেশায় একজন ওয়েস্টিজ ব্যবসায়ী ছিলেন।

নিহতের ভগ্নিপতি সফিকুল ইসলাম জানান, গত শুক্রবার সন্ধ্যা ৭টা থেকে মঈনুলের কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। পরের দিন কালিয়াকৈর থানায় এ বিষয়ে একটি সাধারণ ডায়েরি করা হয়।

তিনি আরো জানান, আজ আশুলিয়ার বংশী নদীতে একজনের লাশ ভাসছে- এমন খবর পেয়ে ঘটনাস্থলে এসে তার লাশ শনাক্ত করা হয়।

আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) মিরাজ আকন জানান, মঈনুল দু’দিন ধরে নিখোঁজ ছিলেন। আজ সকালে নদীতে লাশ ভাসতে দেখে পুলিশকে খবর দেন স্থানীয়রা। পরে লাশ উদ্ধার করা হয়।

ময়নাতদন্তের জন্য লাশ রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।