সামাজিক যোগাযোগমাধ্যমে গামছা পরা অবস্থায় গাছের নিচে শুয়ে থাকার ছবি ভাইরালের পর অবশেষে মাজার থেকে পরিবারের কাছে ফিরে গেছেন অভিনেতা সমু চৌধুরী।
বৃহস্পতিবার (১২ জুন) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে সমু চৌধুরীকে তার খালাত ভাই মো: অপু চৌধুরীর কাছে হস্তান্তর করা হয়।
এর আগে, এ দিন দুপুরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে নাট্যকার ও অভিনেতা সমু চৌধুরীর কিছু ছবি। তাতে দেখা যায়, ময়মনসিংহের গফরগাঁওয়ে এক শাহ মিসকিনের মাজারে খালি গায়ে শুয়ে আছেন অভিনেতা; পরনে গামছা। এমতাবস্থায় অভিনেতাকে এভাবে দেখে দুশ্চিন্তায় পড়ে যান তার ভক্তরা। কেউ কেউ মনে করেন, শারীরিকভাবে অসুস্থ কিংবা মানসিক ভারসাম্য হারিয়েছেন সমু। এতে নানা আলোচনার সৃষ্টি হলে দ্রুত পদক্ষেপ নেয় অভিনয়শিল্পী সঙ্ঘ; স্থানীয়রা প্রশানকে খবর দেয়, তাকে উদ্ধার করে পুলিশ-সেনাবাহিনী।
পাগলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: ফেরদৌস আলম খবরের সত্যতা নিশ্চিত করে বলেন, ‘শেষ রাতে সমু চৌধুরীকে তার খালাত ভাই অপুর কাছে হস্তান্তর করেছি। এ সময় অভিনয়শিল্পী সঙ্ঘের কয়েকজন তার সাথে ছিলেন।’
এরও আগে, বুধবার (১১ জুন) রাত ৯টার দিকে ঢাকা থেকে একজন পাঠাও মোটরসাইকেল রাইডারের মাধ্যমে ময়মনসিংহের পাগলা থানাধীন মশাখালী ইউনিয়নে অবস্থিত মুখী শাহ মিসকিনের মাজারে আসেন সমু চৌধুরী। পর দিন বৃহস্পতিবার বিকেলে মাজারের পাশে একটি গাছের নিচে গামছা পরে সমু চৌধুরীর শুয়ে থাকার ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হয়। ভিডিওতে প্রথমে খালি গায়ে গামছা পরিহিত অবস্থায় সমু চৌধুরীকে দেখা যায়। পরে অবশ্য টাউজার ও গেঞ্জি পরা অবস্থায় উপস্থিত স্থানীয় লোকজন ও পুলিশের সামনে তাকে কথা বলতে শোনা যায়। অস্বাভাবিক অবস্থায় উদ্ধারের পর তাকে মানসিক ভারসাম্যহীন বলে ধারণা করে সবাই।



