ব্রাহ্মণবাড়িয়ায় বড় বোন হত্যা মামলার প্রধান আসামি ছোট ভাই আক্তার হোসেনকে (৩২) সিলেট থেকে গ্রেফতার করেছে র্যাব-৯।
বৃহস্পতিবার (২ এপ্রিল) বিকেল সাড়ে ৪টার দিকে নগরীর দক্ষিণ সুরমা থানাধীন এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
র্যাব-৯ জানায়, ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার আকানগর এলাকার বাসিন্দা মাহমুদা বেগম (৪৫) গত ২০ মার্চ রাতে নিজ বাড়িতে নৃশংস হত্যাকাণ্ডের শিকার হন। তিনি তার এক মেয়েকে নিয়ে বাড়িতে বসবাস করতেন। পারিবারিক বিরোধ ও টাকার লেনদেনকে কেন্দ্র করে তার ছোট ভাই আক্তার হোসেনের সাথে দীর্ঘদিন ধরে তার বিরোধ চলছিল।
ঘটনার বিবরণে জানা যায়, গত ১৭ মার্চ গভীর রাতে আক্তার হোসেন তার বোনের বাড়িতে গিয়ে টাকার বিষয় নিয়ে ঝগড়া করে এবং তাকে হত্যার হুমকি দেয়। পরবর্তীকালে ২০ মার্চ রাত থেকে ২১ মার্চ ভোরের মধ্যে যেকোনো এক সময় সে অজ্ঞাতনামা সহযোগীদের নিয়ে মাহমুদা বেগমের ঘরে প্রবেশ করে তাকে হাত-পা বেঁধে শ্বাসরোধ করে হত্যা করে। ২১ মার্চ সকালে নিহতের স্বজনরা ঘরের ভেতরে বাঁধা অবস্থায় তার লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। এ ঘটনায় নিহতের বাবা বাঞ্ছারামপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন গণমাধ্যমে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে। এরই পরিপ্রেক্ষিতে র্যাব-৯ গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে এবং তথ্য-প্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে আসামিকে গ্রেফতার করে।
শুক্রবার এর সত্যতা নিশ্চিত করে র্যাব-৯-এর মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ জানান, গ্রেফতার আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে তাদের অভিযান অব্যাহত রয়েছে।



