নারায়ণগঞ্জ প্রতিনিধি ও ফতুল্লা সংবাদদাতা
নারায়ণগঞ্জের ফতুল্লায় ন্যাড়া বাহিনীর প্রধান তালিকাভুক্ত ‘সন্ত্রাসী কিলার’ রিয়াজ উদ্দিন বাবু ওরফে কিলার বাবুকে (৪০) পেটে ছুরিকাঘাত করে হত্যা করা হয়েছে। এ সময় লিটন নামে তার আরেক সহযোগী আহত হয়েছেন।
বৃহস্পতিবার (৫ মার্চ) ভোররাত ৪টার দিকে ফতুল্লার পঞ্চবটি মোড়ে এ ঘটনা ঘটে। তবে কে বা কারা তাদের ছুরিকাঘাত করেছে পুলিশ এখনো তাদের নাম-পরিচয় জানতে পারেনি।
নিহত কিলার বাবু ফতুল্লার লালপুর পৌষাপুকুরপাড় এলাকার মরহুম হাফিজ উদ্দিনের ছেলে।
জানা যায়, এক নারীকে হত্যার করার পর কিলার বাবু নামে পরিচিতি পায় রিয়াজ উদ্দিন বাবু। এরপর তিনি ঢাকা-নারায়ণগঞ্জ পুরাতন সড়কের পঞ্চবটি বন বিভাগ থেকে লোহার মার্কেট পর্যন্ত ছিনতাইয়ের জন্য গড়ে তুলেছিলেন বিশাল এক বাহিনী, যা নাউড়া বা ন্যাড়া বাহিনী নামে পরিচিতি।
পুলিশ জানায়, কিলার বাবুর নামে পাঁচটি হত্যা, ছিনতাইসহ বৈষম্যবিরোধী ছাত্রআন্দোলনে হামলার একাধিক মামলা রয়েছে। তিনি থানার তালিকাভুক্ত সন্ত্রাসী।
ফতুল্লা মডেল থানার উপপরিদর্শক (এসআই) মিরাজ হোসেন জানান, ভোররাত ৪টার দিকে পঞ্চবটি মোড়ের কাছে ঢাকা-নারায়ণগঞ্জ পুরাতন সড়কে কে বা কারা বাবু ও লিটনকে কুপিয়েছে তা জানতে পারিনি। তবে ঢাকা মেডিক্যালে দু’জনকে নেয়ার পর বাবু মারা গেছে এবং লিটন চিকিৎসাধীন রয়েছে। কারা তাদের কুপিয়েছে এ বিষয়ে জানার চেষ্টা চলছে। বাবুর লাশ ঢাকা মেডিক্যালে ময়নাতদন্ত করা হবে।



