জামালপুরের বকশীগঞ্জের রামরামপুর সীমান্তে একজনকে পুশইনের চেষ্টা ব্যর্থ হয়েছে বিএসএফ। পুশইন কেন্দ্র করে সীমান্তে উত্তেজনা দেখা দিয়েছে। ৩০ মিনিট পতাকা বৈঠক করেও কোনো সুরাহা না হওয়ায় সীমান্তে অবস্থান নিয়েছে বিজিবি ও এলাকাবাসী।
বুধবার (১০ জুন) সকাল ৫টার দিকে জামালপুরের বকশীগঞ্জ উপজেলার রামরামপুর সীমান্তে এক ব্যক্তিকে জোরপূর্বক বাংলাদেশে পুশইনের চেষ্টা চালায় ভারতের নন্দীরচর বিএসএফ ক্যাম্পের সদস্যরা।
বিষয়টি টের পেয়ে জামালপুর ৩৫ বিজিবির সদস্যরা ও স্থানীয় এলাকাবাসী প্রতিরোধ করে। বিজিবি ও স্থানীয়দের বাধার মুখে নো ম্যান্স ল্যান্ডে অবস্থান নেয় ৬০ বছর বয়সি ওই ব্যক্তি। এ নিয়ে সীমান্তে উত্তেজনা দেখা দিলে সকাল সাড়ে ১০টায় জামালপুর ৩৫ বিজিবির সহকারী পরিচালক ও ভারতের নন্দীরচর বিএসএফ ক্যাম্পের একজন পরিদর্শকের নেতৃত্বে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। কিন্তু বৈঠকে বিএসএফ ওই ব্যক্তিকে ফেরত না নিয়ে নো ম্যান্স ল্যান্ডে রেখেই চলে যায়।
বৈঠক সফল না হওয়ায় নতুন করে উত্তেজনা দেখা দেয় সীমান্তে। বিএসএফ বার বার ওই ব্যক্তিকে ঠেলে দেয়ার চেষ্টা করলেও প্রতিরোধের মুখে ফিরে যাচ্ছেন ওই ব্যক্তি।
বিজিবি জানায়, সকালে এক ব্যক্তিকে ভারত থেকে শুন্য রেখায় ঠেলে পাঠায় বিএসএফ। এলাকাবাসীকে সাথে নিয়ে বিজিবি বাংলাদেশে অবস্থান নিয়েছে।



