ঈদ ঘিরে সিলেটের বিভিন্ন পাম্পে থাকা জ্বালানি সঙ্কট কিছুটা দূর হয়েছে। অকটেন সঙ্কটে থাকা পাম্পগুলোতে ইতোমধ্যে জ্বালানী তেল সরবরাহ করতে শুরু করেছে পেট্রোলিয়াম কোম্পানিগুলো। চার দিন ধরে অকটেন বিক্রি করতে পারছিলেন না সিলেটের পাম্প মালিকরা।
মঙ্গলবার (২৪ মার্চ) দুপুরে নগরীর উত্তরা পেট্রোলিয়ামের জেনারেল ম্যানেজার মারুফ আহমেদ জানান, আজ আমার পেট্রোল পাম্প ১৮ হাজার লিটার অকটেন পেয়েছে। আপাতত কোনো সঙ্কট নেই। তবে পরবর্তীতে তেল কবে পাব এটা অনিশ্চিত।
একইভাবে সিলেটের প্রায় সবকটি পাম্পে জ্বালানি তেল সরবরাহ শুরু হয়েছে। তবে ডিজেলের কিছুটা সঙ্কট থাকায় পর্যাপ্ত পাওয়া যায়নি বলে জানিয়েছেন বাংলাদেশ পেট্রোল পাম্প মালিক সমিতি সিলেট বিভাগের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির।
তিনি বলেন, সিলেটের প্রায় ১২০টি পাম্পে তেল সরবরাহ শুরু হয়েছে। জ্বালানি তেল সঙ্কটের কারণ ব্যাংক বন্ধ হয়ে যাওয়ায় পাম্পগুলো পে অর্ডার করতে পারেনি। তবে আপাতত তেল সরবরাহ স্বাভাবিক হয়েছে। তবে ডিজেলের কিছুটা সঙ্কট রয়েছে। এটি আপাতত চাহিদার তুলনায় সবাই পর্যাপ্ত পাচ্ছে না। সরবরাহ স্বাভাবিক থাকলে সঙ্কটের শঙ্কা নেই।



