সারাদেশের ন্যায় রাঙ্গামাটির লংগদু উপজেলায়ও শান্তিপূর্ণ ও সুষ্ঠু পরিবেশে শুরু হয়েছে এসএসসি ও সমমানের পরীক্ষা।
মঙ্গলবার (২১ এপ্রিল) সকাল ১০টা থেকে উপজেলার চারটি কেন্দ্রে মোট ৬৬৮ জন পরীক্ষার্থী এসএসসি, দাখিল ও ভোকেশনাল পরীক্ষায় অংশগ্রহণ করেন।
উপজেলার লংগদু সরকারি উচ্চ বিদ্যালয় কেন্দ্র দাখিল (মাদরাসা) শাখায় মোট ১১৯ জন পরীক্ষার্থী অংশ নেয়। এর মধ্যে ৬১ জন ছাত্র ও ৫৮ জন ছাত্রী এবং সবাই উপস্থিত ছিলেন।
একই কেন্দ্রের এসএসসি শাখায় নিয়মিত ও অনিয়মিত মিলিয়ে মোট ৩১৫ জন নিবন্ধিত থাকলেও প্রথম দিনে পরীক্ষায় অংশ নেয় ২০২ জন। অনুপস্থিত ছিল পাঁচজন। উপস্থিতদের মধ্যে ৮৭ জন ছাত্র ও ১১৫ জন ছাত্রী।
অন্যদিকে লংগদু বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্র-২ এ মোট ১৭২ জন পরীক্ষার্থীর মধ্যে ১৬৯ জন উপস্থিত এবং তিনজন অনুপস্থিত ছিলেন। এখানে ৮৭ জন ছাত্র ও ৮২ জন ছাত্রী অংশ নেয়।
রাবেতা মডেল উচ্চ বিদ্যালয়ের ভোকেশনাল কেন্দ্রে ৬২ জন পরীক্ষার্থী অংশ নেয়, যার মধ্যে ৩৬ জন ছাত্র ও ২৬ জন ছাত্রী। এ কেন্দ্রে সকল পরীক্ষার্থী উপস্থিত ছিল।
সরেজমিনে বিভিন্ন কেন্দ্রে দেখা গেছে, সুষ্ঠু ও নকলমুক্ত পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। প্রতিটি কেন্দ্রে শৃঙ্খলা বজায় রাখতে শিক্ষকদের পাশাপাশি নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে এবং সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহাঙ্গীর হোসাইন জানান, নির্ধারিত সময়েই সব কেন্দ্রে পরীক্ষা শুরু হয়েছে। পরীক্ষা কেন্দ্রগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে প্রতিটি হলে সিসিটিভি স্থাপনসহ প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হয়েছে।


