ভূমিমন্ত্রী

খাল খননের মাধ্যমে বাংলাদেশকে খাদ্যে স্বয়ংসম্পন্ন করেছিলেন জিয়াউর রহমান

‘ভূমি বিষয়ে এখানকার ১০০ জনের মধ্যে ১০০ জনেরই অভিযোগ রয়েছে। আমি ওপেনলি কিছু বলব না, বাট আই ডু সামথিং ফর পিপল। আমি জনগণের জন্য অবশ্যই সততার সাথে কিছু করব।’

নওগাঁ প্রতিনিধি

Location :

Naogaon
খাল খনন কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু
খাল খনন কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু |নয়া দিগন্ত

রাজশাহী-২ (সদর) আসনের এমপি ও ভূমি মন্ত্রণালয়ের মন্ত্রী মিজানুর রহমান মিনু বলেছেন, ‘সারাদেশে খাল খননের মাধ্যমে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান একটি দুর্ভিক্ষপূর্ণ অবস্থা থেকে দেশকে শস্য-শ্যামলা বাংলাদেশে পরিণত করেছিলেন। বাংলাদেশকে খাদ্যে স্বয়ংসম্পন্ন করেছিলেন।’

তিনি বলেন, ‘নওগাঁ জেলা ধানের জন্য বিখ্যাত। আমাদের খাদ্যের যে চাহিদা সেগুলো আমাদেরকে পূরণ করতে হবে। সেই লক্ষ্যে নওগাঁসহ সারাদেশের সকল নদী-নালা ও খাল খননের মাধ্যমে নাব্যতা ফিরিয়ে আনা হবে।’

সোমবার (১৬ মার্চ) দুপুর ১২টার দিকে নওগাঁর নিয়ামতপুর উপজেলায় বিল লতা খালের বেলগাপুর থেকে জুলুপাড়া পর্যন্ত ১২০০ মিটার খনন কর্মসূচির উদ্বোধন শেষে আয়োজিত এক মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি। স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতরের (এলজিডি) বাস্তবায়নে প্রায় ১৫ লাখ টাকা ব্যয়ে এই খাল খনন করা হবে।

নিজের মন্ত্রণালয় নিয়ে ভূমিমন্ত্রী মিজানুর রহমান বলেন, ‘ভূমি বিষয়ে এখানকার ১০০ জনের মধ্যে ১০০ জনেরই অভিযোগ রয়েছে। আমি ওপেনলি কিছু বলব না, বাট আই ডু সামথিং ফর পিপল। আমি জনগণের জন্য অবশ্যই সততার সাথে কিছু করব। কোনো অনিয়ম-দুর্নীতি যাতে না থাকে সেজন্য আমরা কাজ করছি এবং যারা দুর্নীতির সাথে জড়িত ছিল তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।’

তিনি আরো বলেন, ‘আমরা আপনাদের সেবক হওয়ার জন্য এসেছি। আপনরা নির্দেশ করবেন, আপনাদের প্রত্যাশা পূরণ করাই আমাদের দায়িত্ব। আমাদের নেতা প্রধানমন্ত্রী কোনো প্রটোকল নেন না। সরকারি কাজ ছাড়া গাড়িতে ফ্ল্যাগ নেন না। অ্যাডমিনিস্ট্রেশনের (প্রশাসনের) ভাইয়েরা দূর থেকে সংবাদ শুনছেন। ক্রিমিনাল ধরেন ফোর্স দিয়ে, আমাদের নিরাপত্তার প্রয়োজন নেই। আমরা মাটি মানুষের সাথে মিশে থাকতে চাই।’

নওগাঁ-১ আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমানের সভাপত্বিতে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নওগাঁ জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সভাপতি আবু বকর সিদ্দিক নান্নু, সাংগঠনিক সম্পাদক নূর-ই আলম মিঠু, নওগাঁ-৫ (সদর) আসনের সংসদ সদস্য জাহিদুল ইসলাম ধালু, নওগাঁ-৩ (বদলগাছী-মহাদেবপুর) আসনের সংসদ সদস্য ফজলে হুদা বাবুল, নওগাঁ-৪ (মান্দা) আসনের সংসদ সদস্য ইকরামুল বারি টিপু, নওগাঁর জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ সাইফুল ইসলাম, পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ তারিকুল ইসলামসহ অন্যরা।