সিলেটের বিভিন্ন সীমান্ত এলাকায় বিশেষ অভিযান চালিয়ে গত তিন মাসে ৫৭ কোটি টাকার বেশি ভারতীয় অবৈধ পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় ১০ হাজারের বেশি বোতল ভারতীয় মদ ও ২ হাজার ২৬০টি গরু-মহিষ জব্দ করা হয়েছে। আটক করা হয়েছে ৮ জনকে।

রোববার (১৬ আগস্ট) সকাল সাড়ে ১১টায় সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) সদর দপ্তরে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান ব্যাটালিয়নটির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো: নাজমুল হক।
তিনি জানান, চোরাচালানের রুট পরিবর্তনের পাশাপাশি সীমান্ত এলাকায় ‘মব’ সৃষ্টি করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাজে বাধা দেওয়াও এখন বড় চ্যালেঞ্জ। অবৈধ পণ্য ও পাথর পরিবহনে বাধা দিলে একটি চক্র মব সৃষ্টি করে আইনশৃঙ্খলা বাহিনীর ওপর হামলা ও সড়ক অবরোধের মতো ঘটনা ঘটাচ্ছে। এভাবে তারা অবৈধ কর্মকাণ্ডকে বৈধ করার চেষ্টা করছে। তবে বিজিবির অভিযান অব্যাহত রয়েছে।
এরই ধারাবাহিকতায় শনিবার (১৫ আগস্ট) ও রোববার (১৬ আগস্ট) কোম্পানিগঞ্জ, গোয়াইনঘাট ও জৈন্তাপুর সীমান্ত এলাকায় বিশেষ অভিযান চালায় ৪৮ বিজিবি। অভিযানে ভারতীয় জিরা, চা-পাতা, ফুচকা, শাড়ি, কম্বল, মদ ও বিভিন্ন প্রসাধনসামগ্রীসহ বিপুল পরিমাণ অবৈধ পণ্য জব্দ করা হয়। এসব পণ্যের আনুমানিক জব্দকৃত মূল্য ২ কোটি ৫০ লাখ টাকা। পণ্যগুলো পরিত্যক্ত অবস্থায় পাওয়ায় এ সময় কাউকে আটক করা সম্ভব হয়নি।
লেফটেন্যান্ট কর্নেল মো: নাজমুল হক বলেন, সীমান্ত নিরাপত্তা রক্ষা, চোরাচালান ও মাদক পাচার প্রতিরোধে বিজিবির গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান আরো জোরদার করা হবে। জব্দ করা পণ্যের বিষয়ে সরকারি বিধি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।



