ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় এক যুবদল নেতার বিরুদ্ধে মৎস্য খামার দখল, মাছ লুটপাট ও হামলার অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী পরিবার।
বুধবার (১৩ মে) জেলা প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে ভুক্তভোগী পরিবার এই সংবাদ সম্মেলন করে।
সম্মেলনে ভুক্তভোগী তুষার খান অভিযোগ করে জানান, গফরগাঁও উপজেলার পাগলা থানার স্বল্পতালিলা এলাকায় তাদের নিজস্ব ও ভাড়াকৃত জমিতে দীর্ঘদিন ধরে মৎস্য চাষ করে আসছিলেন তারা। তবে গত ২০২৫ সালের সেপ্টেম্বর মাসে যুবদল নেতা সালেহ আকরাম খান তসলিম সন্ত্রাসী বাহিনী নিয়ে খামারটি জোরপূর্বক দখল করে নেয়।
তিনি আরো জানান, খামার দখলে বাধা দিলে তার বড় ভাই সারোয়ার হোসেনকে কুপিয়ে গুরুতর আহত করা হয়। পরে তাকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
সংবাদ সম্মেলনে দাবি করা হয়, অভিযুক্ত তসলিম পূর্বে জমির লীজ নিলেও ২০২০ থেকে ২০২৩ সাল পর্যন্ত জমির মালিকদের পাওনা পরিশোধ করেননি। পরবর্তীতে জমির মালিকরা নতুন করে তাদের কাছে লীজ দিলে তিনি ক্ষিপ্ত হয়ে বিভিন্নভাবে হুমকি দিতে থাকেন।
অভিযোগে আরো বলা হয়, চলতি বছরের ফেব্রুয়ারি থেকে অভিযুক্ত ব্যক্তি রাজনৈতিক প্রভাব খাটিয়ে খামার থেকে প্রায় সাড়ে সাত লাখ টাকার মাছ লুট করে নিয়ে যান এবং ভুক্তভোগীদের প্রাণনাশের হুমকি দেন।
এ ঘটনায় পাগলা থানায় মামলা করা হয়েছে বলে জানান ভুক্তভোগীরা।
সংবাদ সম্মেলনে ভুক্তভোগী পরিবার চার দফা দাবি জানায়। দাবিগুলো হলো— খামার দখলমুক্ত করা, লুট হওয়া মাছের ক্ষতিপূরণ আদায়, জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং তাদের পরিবারের নিরাপত্তা নিশ্চিত করা।
এ বিষয়ে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন তারা।



