নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় ধর্ষণের শিকার হয়েছে প্রথম শ্রেণিতে পড়ুয়া ছয় বছরের এক শিশু। সোমবার (২৫ মে) রাতে উপজেলার কাজীবাড়ি এলাকায় (সিরাজউদ্দৌলা ক্লাব মাঠ সংলগ্ন) এ ঘটনা ঘটে। ঘটনার পর ভুক্তভোগী শিশুর পরিবারের পক্ষ থেকে বন্দর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
ভুক্তভোগী শিশুর মা জানান, সোমবার তার মেয়ে স্থানীয় কাজীবাড়ি এলাকায় প্রাইভেট পড়তে গিয়েছিল। পড়া শেষে বাড়ি ফেরার পথে ইসরাফিল কাজীর বাড়ির ভাড়াটিয়া রশিদ মিয়ার ছেলে তাসনিম অন্য আরেকটি শিশুকে দিয়ে তার মেয়েকে কৌশলে ডেকে নিজের ঘরে নিয়ে যায়। এরপর দরজা বন্ধ করে তাকে জোরপূর্বক ধর্ষণ করে। পরে ঘটনাটি কাউকে বললে ছাদ থেকে ফেলে হত্যার হুমকিও দেয় তাসনিম।
বাড়ি ফেরার পর রাতে রক্তপাত হতে থাকলে বিষয়টি পরিবারের সদস্যদের নজরে আসে। পরে তাদের কাছে সব বলে দেয় শিশুটি।
এ ব্যাপারে বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোক্তার আশরাফউদ্দিন জানান, এ ঘটনায় মামলা হয়েছে। ভুক্তভোগী শিশুকে ডাক্তারি পরীক্ষা ও চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। অভিযুক্ত তাসনিম পলাতক রয়েছে। তাকে গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে।



