নওগাঁর পোরশায় ইঞ্জিনচালিত ভটভটি ও ব্যাটারিচালিত ভ্যানের মুখোমুখি সংঘর্ষে দু’জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো একজন।
রোববার (১৭ মে) সন্ধ্যায় উপজেলার সুতাইল মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত দু’জন হলেন— জনতা ব্যাংক, পোরশা শাখার অবসরপ্রাপ্ত কর্মচারী ও নিতপুর বাস্ট্যান্ড এলাকার মরহুম মজিবর রহমানের ছেলে তাইজুল ইসলাম (৭০)। এবং সুতাইল এলাকার মরহুম আব্দুস ছালামের ছেলে ভ্যানচালক সুলতান হোসেন (৬০)। এছাড়া নাসিমা বেগম (৬৫) নামে এক নারী যাত্রী আহত হয়েছেন।
জানা গেছে, রোববার সন্ধ্যায় তাইজুল ইসলাম ব্যাটারিচালিত ভ্যানযোগে নিতপুরের দিকে যাচ্ছিলেন। এ সময় সুতাইল মোড়ে পৌঁছালে অপরদিক থেকে আসা ইঞ্জিনচালিত ভটভটির সাথে ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ভ্যানের দুই আরোহী ও ভ্যানচালক গুরুতর আহত হন। স্থানীয়রা তিনজনকে আহত অবস্থায় উদ্ধার করে পোরশা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাইজুলকে মৃত ঘোষণা করেন।
অপরদিকে সুলতান ও নাসিমাকে রাজশাহী মেডিক্যালে ভর্তি করা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় সুলতান হোসেন মারা যান।
পোরশা থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছে বলেন, এ ব্যাপারে পোরশা থানায় একটি মামলা হয়েছে। ভটভটিচালক গাঙ্গুরিয়া গ্রামের লুৎফর রহমানের ছেলে নাহিদ হাসানকে (৩৩) আটক ও ভটভটি জব্দ করা হয়েছে। ভটভটি চালককে জেলহাজতে পাঠানো হয়েছে।



