কুষ্টিয়া শহরের আড়ুয়াপাড়া এলাকায় সাবেক পৌর মেয়র ও আওয়ামী লীগের সাবেক নেতা আনোয়ার আলীর বাড়িতে পুলিশ ও র্যাব যৌথভাবে তল্লাশি অভিযান চালিয়েছে। শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে এ অভিযান শুরু হয়ে প্রায় চার ঘণ্টা চলে।
পুলিশ জানায়, নিষিদ্ধ ঘোষিত সংগঠনের নেতাকর্মীরা ওই বাড়িতে আশ্রয় নিয়েছেন—এমন গোপন তথ্যের ভিত্তিতে র্যাব-১২, ডিবি, ডিএসবি এবং কুষ্টিয়া মডেল থানা পুলিশের একটি যৌথ দল অভিযান পরিচালনা করে। অতিরিক্ত পুলিশ সুপার শিকদার মোঃ হাসান ইমাম এবং সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) প্রণব কুমার সরকারের নেতৃত্বে অভিযান পরিচালিত হয়।
অভিযানের সময় বাড়িটি ঘিরে ফেলে আইনশৃঙ্খলা বাহিনী পুরো ভবনে তল্লাশি চালায়। তবে দীর্ঘ সময় তল্লাশি চালিয়েও কাউকে আটক বা গ্রেফতার করা যায়নি বলে নিশ্চিত করেছে পুলিশ।
কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ কবির হোসেন মাতুব্বর বলেন, “সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে তল্লাশি চালানো হয়, তবে কাউকে পাওয়া যায়নি।”
তল্লাশির সময় সাংবাদিকদের ঘটনাস্থলে প্রবেশ করতে দেয়া হয়নি বলে জানা গেছে। অভিযানের খবর ছড়িয়ে পড়লে স্থানীয়রা সেখানে জড়ো হন। নারী-পুরুষসহ শত শত মানুষ এলাকায় উত্তেজিত হয়ে ওঠেন।
আনোয়ার আলীর স্ত্রী আকতার জাহান জানান, অভিযানের সময় বাড়িতে তিনি, অসুস্থ স্বামী আনোয়ার আলী এবং কয়েকজন গৃহকর্মী ছিলেন। পুলিশ বাড়ির দোতলা, কক্ষ, রান্নাঘর, বাথরুম, ছাদ ও পানির ট্যাংক পর্যন্ত তল্লাশি চালায়। তবে পরিবারের কারো সাথে কোনো অসদাচরণ করা হয়নি বলেও তিনি দাবি করেন।
অভিযান শেষে পুলিশ এলাকা ত্যাগ করলেও রাতভর আড়ুয়াপাড়া এলাকায় স্থানীয়দের ভিড় ছিল। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে মডেল থানা পুলিশ সেখানে অবস্থান নেয়।
এদিকে একই দিন কুষ্টিয়ার কুমারখালীতে আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে যুবলীগের একটি গ্রুপের মোটরসাইকেল শোডাউনের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ায় এলাকায় নতুন করে আলোচনার সৃষ্টি হয়।



