সিলেট থেকে জাফলং পর্যন্ত রেলপথ নির্মাণের প্রাথমিক প্রস্তুতি ও সম্ভাব্যতা যাচাইয়ের জন্য রেল সচিব, রেলওয়ের মহাপরিচালকসহ শীর্ষ স্থানীয় কর্মকর্তাদের নিয়ে সিলেটে এসেছেন শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী।
শনিবার (১ আগস্ট) দুপুরে ট্রেনে করে সিলেট আসনে মন্ত্রী। এরপর বাসে করে রেলওয়ে মন্ত্রণালয়ের সচিব মো: ফাহিমুল ইসলাম, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মো: আব্দুর রহমান ও বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক মো: আফজাল হোসেনকে নিয়ে জাফলংয়ের পথে রওয়ানা দেন তিনি। পরিদর্শনকালে তারা জাফলং পর্যন্ত ট্রেন লাইন চালুর সম্ভাব্যতা যাছাই করছেন বলে জানা গেছে।
সম্প্রতি সিলেটে এক অনুষ্ঠানে অংশ নিয়ে প্রবাসীকল্যাণমন্ত্রী সিলেট থেকে গোয়াইনঘাটের জাফলং পর্যন্ত ট্রেন লাইন চালুর উদ্যোগের কথা জানান।
সেদিন তিনি বলেছিলেন, এ মাসের মধ্যেই রেলওয়ের প্রকৌশলীরা সিলেট এসে এর সম্ভাব্যতা যাছাই করবেন। এরপর ফিজিবিলিটি স্ট্যাডি হবে।
তিনি আরো বলেন, সিলেট থেকে জাফলং পর্যন্ত ওয়াগন (ট্রেনের পণ্যবাহী কোচ) চালু হলে জাফলং-সিলেট রুটে সহজে ও কম খরচে পণ্য আনা-নেয়া করা যাবে। এছাড়া পর্যটকসহ যাত্রীরা সহজে যাতায়াত করতে পারবেন।
এদিকে, ট্রেনে করে সিলেট আসার সময় মৌলভীবাজারের শ্রীমঙ্গল ও ভানুগাছ রেলওয়ে স্টেশন পরিদর্শন করেন আরিফুল হক চৌধুরী। বেলা ১১টার দিকে সিলেটগামী আন্তনগর পারাবত এক্সপ্রেস ট্রেনটি মৌলভীবাজারের শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশনে পৌঁছালে স্টেশনটি পরিদর্শন করেন তারা।
এ সময় মন্ত্রীর সাথে ছিলেন রেলওয়ে মন্ত্রণালয়ের সচিব মো: ফাহিমুল ইসলাম, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মো: আব্দুর রহমান ও বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক মো: আফজাল হোসেনসহ উচ্চপদস্থ কর্মকর্তারা।
পরে কমলগঞ্জের ভানুগাছ রেলওয়ে স্টেশনে ট্রেনটি কিছু সময় দাঁড়ালে মন্ত্রী আরিফুল হক চৌধুরী ও সফররত উচ্চপদস্থ কর্মকর্তারা ট্রেনের দরজায় দাঁড়িয়ে স্থানীয় সাধারণ মানুষের কাছ থেকে রেলওয়ের বিভিন্ন সমস্যার কথা শোনেন এবং তা দ্রুত সমাধানের আশ্বাস দেন।
স্টেশন পরিদর্শনকালে মন্ত্রী সার্বিক অবস্থা পর্যবেক্ষণ করেন। এ সময় ভানুগাছ রেলওয়ে স্টেশনে স্থানীয় বিএনপি নেতাকর্মীরা মন্ত্রী আরিফুল হক চৌধুরীকে ফুলেল শুভেচ্ছা জানান।
মন্ত্রীর সফরসূচি অনুযায়ী, যাত্রাপথে রেলপথ মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাদের নিয়ে ব্রাহ্মণবাড়িয়া রেল স্টেশনের পর থেকে সিলেট পর্যন্ত সকল স্টেশন ও রেললাইনের সমস্যা সরেজমিন পরিদর্শন করেন বলে জানা গেছে।



