চট্টগ্রাম জেলা প্রশাসক (ডিসি) ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ জাহিদুল ইসলাম মিয়া বলেছেন, ‘ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সব ধরনের আইনি ও প্রশাসনিক প্রস্তুতি নেয়া হয়েছে। কোনো অনিয়ম বা বিশৃঙ্খলা সহ্য করা হবে না এবং কেন্দ্রে সমস্যা দেখা দিলে ৫ মিনিটের মধ্যেই আইনশৃঙ্খলা বাহিনী পৌঁছে যাবে।’
তিনি বলেন, ‘সারা বিশ্বের নজর এখন আমাদের নির্বাচনের দিকে। তাই সততা ও দায়িত্বশীলতার মাধ্যমে একটি গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিতে হবে। ব্যক্তিগত সীমাবদ্ধতার অজুহাত দিয়ে দায়িত্ব এড়ানোর সুযোগ নেই।’
শনিবার (৭ ফেব্রুয়ারি) সকালে আনোয়ারা উপজেলা পরিষদ মিলনায়তনে ভোটগ্রহণ কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
জেলা প্রশাসক বলেন, ‘আমরা কোনো ব্যক্তির নয়, রাষ্ট্রের সেবা করতে চাই। যারা দেশের জন্য ত্যাগ স্বীকার করেছে, তাদের প্রত্যাশা পূরণ করতে হবে। নির্বাচনের সময় কোনো সমস্যার কথা শুনতে চাই না। আগে থেকেই আমাদের জানালে সাথে সাথে ব্যবস্থা নেয়া হবে।’
অপরাধীদের উদ্দেশে হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, ‘নতুন করে সতর্ক করার সময় নেই, এবার সরাসরি ব্যবস্থা নেয়া হবে। এখন ভয় নয়, দায়িত্ব ও ত্যাগের সময়। ভোট শেষ করে জনগণের আস্থা নিয়ে ঘরে ফিরতে হবে।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাহমিনা আক্তারের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ নাজির আহমেদ খাঁন, সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল মো: মোয়াজ্জেম হোসেন সরকার, লেফটেন্যান্ট কর্নেল মো: ইশতিয়াক আলম খান, স্থানীয় সরকার উপ-পরিচালক গোলাম মাঈনউদ্দিন হাসান, জেলা কমান্ড্যান্ট ও আনসার-ভিডিপি পরিচালক মোহাম্মদ মোস্তাক আহমদ, জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ বশির আহমেদ, আনোয়ারা সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) সোহানুর রহমান সোহাগ, সহকারী কমিশনার (ভূমি) দ্বিপক ত্রিপুরা ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুনায়েদ চৌধুরীসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।
সভায় ভোটগ্রহণ কর্মকর্তাদের দায়িত্বশীলতা ও নিরপেক্ষতা বজায় রেখে নির্বাচন পরিচালনার নির্দেশনা দেয়া হয়।



