সদ্য প্রকাশিত জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষার ফলাফলে কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলাধীন আসিয়া বারি আদর্শ বিদ্যালয় বাজিমাত দেখিয়েছে। পরীক্ষায় অংশ নিয়ে ৩০ জন পরীক্ষার্থীর মধ্যে ২৯ জন শিক্ষার্থীই বৃত্তি পেয়েছে। এমন গৌরবময় ফলাফলে প্রতিষ্ঠানটির শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে আনন্দ-উল্লাস বিরাজ করছে।
বুধবার (২৫ ফেব্রুয়ারি) প্রকাশিত জেএসসি ও সমমান বৃত্তি পরীক্ষার ফলাফলে প্রতিষ্ঠানটির এমন সাফল্যের কথা জানা গেছে। অংশগ্রহণকারী ৩০ জন শিক্ষার্থীর মধ্যে ১৩ জন ট্যালেন্টপুল এবং ১৬ জন শিক্ষার্থী সাধারণ গ্রেডে বৃত্তি পেয়েছে।
বিদ্যালয়টির প্রধান শিক্ষক নূরে আলম জানান, ‘আমরা খুবই আনন্দিত। এই ভালো ফলাফলের পেছনে শিক্ষকমন্ডলী, ছাত্র-ছাত্রীদের পরিশ্রম, শৃঙ্খলাবোধ ও বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সম্মিলিত প্রয়াস ব্যাপক ভূমিকা রেখেছে। আমরা হোম ভিজিট করেছি, আফটার স্কুল কেয়ার করেছি, প্রত্যেক শিক্ষার্থীর আলাদা কেয়ার করেছি। সাফল্যের এ ধারাবাহিকতা ধরে রাখতে আমরা চেষ্টা করে যাব।’



