রংপুরে শুরু হয়েছে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ (প্রযুক্তি মেলা)। মেলায় ক্ষুদে বিজ্ঞানীদের বিভিন্ন উদ্ভাবনী প্রকল্প ও ধারণাপত্র স্থান পেয়েছে।
সোমবার (১৮ মে) বিকেল ৪টার দিকে রংপুর জেলা স্কুল মাঠে মেলার উদ্বোধন করেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ রুহুল আমিন, এসপি মোহাম্মদ মোজাম্মেল হক প্রমুখ।
জেলা প্রশাসন ও বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের উদ্যোগে মেলায় রংপুর জেলার ৪৮টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা বিভিন্ন ধরনের বৈজ্ঞানিক আবিষ্কার ও ধারণা নিয়ে স্টল দিয়েছেন। সেখানে সৌর ও বায়োকল শক্তিকে সমন্বয় করে বিদ্যুৎ উৎপাদন, কাঙ্ক্ষিত নগর, মিসাইল হামলা থেকে রক্ষাসহ বিভিন্ন বিজ্ঞান ও প্রযুক্তিভিত্তিক উদ্ভাবনী প্রকল্প উপস্থাপন করা হয়েছে। এই মেলা আগামী বুধবার (২০ মে) পর্যন্ত তিন দিন চলবে।
বিভিন্ট স্টল ঘুরে প্রতিমন্ত্রী আজাদ বলেন, ‘স্টোরগুলো ঘুরে যেটুকু ভালোলাগা কাজ করলো, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের তরুণ ছেলে-মেয়েদের অনেক উদ্ভাবনী শক্তি কাজ করছে। তাদের উদ্ভাবনী শক্তিগুলো থেকে যদি কিছু কিছু শক্তি বা চিন্তা জাতীয় পর্যায়ে কাজে লাগানো যায় এবং ওই শিক্ষার্থীদের যদি সহযোগিতা করা হয় তাহলে বাংলাদেশের অনেক সমস্যার সমাধান করা সম্ভব হবে।’



