ভাঙ্গায় গোল্ডেন লাইনের বাস ও মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ২

ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের গোলচত্বরের ফ্লাইওভারের নিচে এ দুর্ঘটনা ঘটে।

এটিএম ফরহাদ নান্নু, ভাঙ্গা (ফরিদপুর)

Location :

Faridpur
গোল্ডেন লাইন পরিবহনের একটি বাস
গোল্ডেন লাইন পরিবহনের একটি বাস |ফাইল ছবি

ফরিদপুরের ভাঙ্গায় গোল্ডেন লাইন পরিবহনের একটি বাসের সাথে মোটরসাইকেলের সংঘর্ষে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের গোলচত্বরের ফ্লাইওভারের নিচে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন কাওসার আহমেদ রাতুল সরদার (১৭)। তিনি উপজেলার তুজারপুর ইউনিয়নের জান্দী কুশাডাঙ্গা গ্রামের শাহাদাত সরদারের ছেলে ও রাজু মাতুব্বর (২০)। তিনি একই ইউনিয়নের ফুকুরহাটি গ্রামের খোকন মাতুব্বরের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, গোল্ডেন লাইন পরিবহনের একটি বাস যাওয়ার সময় বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলটির সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলটি দুমড়েমুচড়ে যায় এবং দুই আরোহী সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন। পরে হাইওয়ে পুলিশ ও স্থানীয়রা তাদের উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাদের ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়ার পথে দুজনেরই মৃত্যু হয়।

ভাঙ্গা হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) সোহেল মিয়া জানান, দুর্ঘটনাকবলিত মোটরসাইকেলসহ দুই যুবকের লাশ থানার হেফাজতে আনা হয়েছে। লাশগুলো পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হবে।