বরিশালের গৌরনদী উপজেলায় কুতুবপুর স্বনির্ভর খালের পুনঃখনন কাজের উদ্বোধন করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জহির উদ্দিন স্বপন এমপি।
সোমবার (১৬ মার্চ) সকালে জেলা প্রশাসন ও বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন (বিএডিসি) আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়। কৃষি উৎপাদন বৃদ্ধি, সেচ সুবিধা সম্প্রসারণ এবং দেশব্যাপী নদী-নালা, খাল ও জলাশয়ের খনন ও পুনঃখনন কর্মসূচির অংশ হিসেবে এ প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে।
এ সময় মন্ত্রী বলেন, ‘শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের খনন করা খালটি ৪৫ বছর পরে তার উত্তরসূরী হিসেবে পুনঃ খনন কাজের উদ্বোধন করতে পারায় আমি গর্বিত।
তিনি বলেন, ‘১৯৮১ সালে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান দেশের কৃষি উন্নয়ন ও গ্রামীণ অর্থনীতি শক্তিশালী করার লক্ষ্যে এই কুতুবপুর স্বনির্ভর খালটি খনন করেছিলেন। সেই সময় খালটি এলাকার কৃষকদের সেচ সুবিধা নিশ্চিত করে কৃষি উৎপাদনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল। সময়ের ব্যবধানে খালটি ভরাট হয়ে যাওয়ায় এর কার্যকারিতা কমে যায়। তাই নতুন করে পুনঃখননের মাধ্যমে খালটিকে আবারো কৃষি ও জনজীবনের উপযোগী করে তোলা হচ্ছে।’
তিনি আরো বলেন, ‘দেশের কৃষি উৎপাদন বৃদ্ধি, জলাবদ্ধতা নিরসন এবং গ্রামীণ অর্থনীতিকে গতিশীল করতে সরকার নদী-নালা, খাল-বিল পুনঃখননের মতো গুরুত্বপূর্ণ উদ্যোগ গ্রহণ করেছে। এসব প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে কৃষকরা সেচ সুবিধা পাবে এবং এলাকার পরিবেশগত ভারসাম্যও বজায় থাকবে।’
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বরিশালের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো: খায়রুল আলম সুমন। বিশেষ অতিথি ছিলেন বরিশাল পুলিশ সুপার এ জেড এম মোস্তাফিজুর রহমান, উপ-পরিচালক কৃষি অধিদফতর মোসাম্মাৎ মরিয়ম, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: ইব্রাহিম।
এ সময় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব মিজানুর রহমান খান মুকুল, গৌরনদী উপজেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ সরোয়ার আলম বিপ্লব, সদস্য সচিব শরীফ জহির সাজ্জাদ হান্নান, গৌরনদী প্রেসক্লাবের সভাপতি ও জেলা বিএনপির সদস্য সিনিয়র সাংবাদিক জহুরুল ইসলাম জহির, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক বদিউজ্জামান মিন্টু, যুগ্ম আহ্বায়ক শামীম খলিফা, পৌর বিএনপির ভারপ্রাপ্ত সদস্য সচিব শরীফ শফিকুর রহমান স্বপন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক কামরুজ্জামান খোকন, জেলা কৃষি কর্মকর্তা মোসাম্মদ মরিয়ম, উপজেলা কৃষি কর্মকর্তা সেকেন্দার শেখ, বিএডিসির সহকারী প্রকৌশলী মো: শাহেদ আহমেদ, উপজেলা প্রকৌশলী মো: অহিদুর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা খোকনশীল, গৌরনদী প্রেসক্লাবের সাবেক সভাপতি খন্দকার মনিরুজ্জামান মনির, সাধারণ সম্পাদক এস এম জুলফিকার, প্রচার সম্পাদক হাসান মাহমুদ, সদস্য সাংবাদিক সোলায়মান তুহিন, জেলা যুবদলের সদস্য সচিব গোলাম মোর্শেদ মাসুদ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাইয়েদুল আলম খান সেন্টু, উপজেলা যুবদলের সদস্য সচিব মাস্টার মনির আকনসহ স্থানীয় নেতারা।



