দিনাজপুর-৪ আসনে ১১ দলীয় জোট ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী আফতাব উদ্দিন মোল্লা বলেছেন, ‘সারাদেশেই এবার যুবকদের ঢল নেমেছে। এখানেও যুবকের ঢল। ইনশাআল্লাহ, যুবকরাই এবার নতুন বাংলাদেশ গড়ে তুলবে।’
শনিবার (৩১ জানুয়ারি) রাতে দিনাজপুরের খানসামার আলোকঝাড়ী ইউনিয়নের খানসামা সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এক নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আফতাব উদ্দিন মোল্লা বলেন, ‘জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে দেশের চার কোটি বেকার যুবকের হাতে ভাতা নয়, কর্মসংস্থানের কার্ড তুলে দেয়া হবে। ভাতা দিয়ে জাতিকে ধ্বংস করা হয়। একজন যুবককে যদি আজীবন ভাতার ওপর নির্ভরশীল করে দেয়া হয়, সে আর কখনো কাজে হাত দেবে না।’
তিনি আরো বলেন, ‘জামায়াতে ইসলামীর আমির ডা: শফিকুর রহমান ইতোমধ্যে ঘোষণা দিয়েছেন, যারা চাকরি পাওয়ার যোগ্য, তাদের চাকরি দেয়া হবে। চাকরির ক্ষেত্রে ঘুষের কোনো সুযোগ থাকবে না। একজন গরীব মানুষ কষ্ট করে তার ছেলেকে গ্র্যাজুয়েট বা মাস্টার্স করিয়েছে। চাকরি পেতে তার এক পয়সাও লাগবে না।’
যুব উন্নয়ন প্রসঙ্গে তিনি বলেন, ‘যারা উদ্যোক্তা হতে চায় বা ব্যবসা করতে আগ্রহী, তাদের সহজ শর্তে ব্যাংক ঋণের মাধ্যমে সহায়তা করা হবে। আর যারা বিদেশে যেতে চায়, তাদেরকে সংশ্লিষ্ট দেশের ভাষা ও কাজের প্রশিক্ষণ দিয়ে বিদেশে পাঠানো হবে। এর ফলে দেশে রেমিট্যান্সের কোনো ঘাটতি থাকবে না, রিজার্ভের অভাব হবে না। বাংলাদেশ বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়াবে।’
উপজেলা জামায়াতের আমির আনিসুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত জনসভায় আরো বক্তব্য রাখেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি রাজিবুর রহমান পলাশ ও উপজেলা জামায়াতের সেক্রেটারি সামিউল ইসলামসহ ১১ দলীয় জোটের বিভিন্ন স্তরের নেতারা। নির্বাচনী জনসভায় স্থানীয় নেতাকর্মী ও বিপুলসংখ্যক সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।



