ব্রাহ্মণবাড়ীয়ার নবীনগর উপজেলার নবীনগর-রাধিকা সড়কে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মাহিম খন্দকার (২৬) ও মো: রাব্বি (৩২) নামে দুই যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো তিনজন। আহতদের জেলা সদর হাসপাতাল ভর্তি করা হয়েছে।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার নারুই এলাকায় এ ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটে।
নিহত মাহিম খন্দকার উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের মোবারক হোসেনের ছেলে এবং মো: রাব্বি শ্যামগ্রামের রফিক মিয়ার ছেলে। আহত একজন হলেন— ছাত্রদল নেতা ইয়াছিন আরাফাত রিমন। বাকি দু’জনের নাম-পরিচয় জানা যায়নি।
প্রত্যক্ষদর্শীরা জানান, নবীনগর-রাধিকা সড়কের নারুই ব্রিজের সামনে দু’টি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় একটি মোটরসাইকেলের দু’জন ও আরেকটির তিনজন আরোহী ছিটকে পড়েন। পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে যায়।
জেলা ছাত্রদলের সভাপতি শাহীনূর রহমান শাহীন ও সদস্যসচিব সমীর চক্রবর্তী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তারা জানান, নিহত দু’জন ছাত্রদলের কর্মী এবং আহত ইয়াছিন আমাদের দলের একনিষ্ঠ কর্মী।
ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে কর্মরত ডা: মো: সিফাত জানান, দুর্ঘটনা পর দু’জনকে উদ্ধার করে মৃত অবস্থায় আনা হয়। এছাড়া আহত অন্য তিনজনকে ভর্তি নেয়া হয়েছে।



