সাদাপাথর পর্যটনকেন্দ্রে গোসল করতে নেমে নিখোঁজ পর্যটক

সাদাপাথর পর্যটনকেন্দ্রে বিজিবি ক্যাম্পের সামনে গোসল করতে নামেন তিনজন। নদীতে সাঁতার কাটতে কাটতে একপর্যায়ে পানির প্রবল স্রোতের মধ্যে চলে যান তারা।

আবদুল কাদের তাপাদার, সিলেট ব্যুরো

Location :

Sylhet
নিখোঁজ পর্যটক ডাক্তার সুব্রত সাহা বিকাশ
নিখোঁজ পর্যটক ডাক্তার সুব্রত সাহা বিকাশ |নয়া দিগন্ত

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার সাদাপাথর পর্যটনকেন্দ্রে গোসল করতে নেমে এক চিকিৎসক নিখোঁজ হয়েছেন। বৃহস্পতিবার (২ জুলাই) দুপুর আড়াইটার দিকে এ ঘটনা ঘটে।

নিখোঁজ পর্যটকের নাম ডাক্তার সুব্রত সাহা বিকাশ (৩৩)। তিনি লক্ষীপুর জেলার রামগতি উপজেলার মিহির লাল সাহার ছেলে। তারা চার বন্ধু মিলে ঢাকা থেকে সিলেটের বিভিন্ন পর্যটনকেন্দ্র দেখার জন্য এসেছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, সাদাপাথর পর্যটনকেন্দ্রে বিজিবি ক্যাম্পের সামনে গোসল করতে নামেন তিনজন। নদীতে সাঁতার কাটতে কাটতে একপর্যায়ে পানির প্রবল স্রোতের মধ্যে চলে যান তারা। এ সময় অন্য দু’জন সাঁতরে পাড়ে উঠতে পারলেও চিকিৎসক সুব্রত প্রবল স্রোতে পানির নিচে তলিয়ে যান।

শেষ খবর পাওয়া পর্যন্ত কোম্পানীগঞ্জ উপজেলা ফায়ার সার্ভিস স্টেশনের ডুবুরিরা তাকে উদ্ধারে কাজ করছে।

ভোলাগঞ্জ ট্যুরিস্ট পুলিশের ইনচার্জ ইন্সপেক্টর আব্দুল কাইয়ুম নয়া দিগন্তকে জানান, সাদাপাথরে গোসল করতে নেমে এক পর্যটক নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে। ফায়ার সার্ভিসের ডুবুরি দল তাকে উদ্ধারে চেষ্টা করছে।