ময়মনসিংহের গৌরীপুরে জুলাই-আগস্ট আন্দোলনের শহীদ বিপ্লব হাসানের পরিবারের কাছে প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে শুভেচ্ছা উপহার পৌঁছে দেয়া হয়েছে।
বৃহস্পতিবার (৩০ জুলাই) বিকেলে জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি হাসান আল আরিফ শহীদ বিপ্লবের বাবা মো: বাবুল মিয়া ও মা বিলকিছ আক্তারের হাতে ফলের ডালা ও অনুদানের অর্থ তুলে দেন।
এ সময় হাসান আল আরিফ বলেন, ‘কেন্দ্রীয় ছাত্রদলের উদ্যোগে জুলাই বিপ্লবে শহীদ হওয়া ছাত্রদলের ১৪৩ জন নেতাকর্মীর পরিবারের খোঁজখবর নেয়া হচ্ছে। একই সাথে প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে শুভেচ্ছা উপহার তাদের কাছে পৌঁছে দেয়া হচ্ছে।’
তিনি বলেন, ‘শহীদ পরিবারগুলোর আত্মত্যাগ কখনোই ভোলার নয়। তাদের এই ত্যাগ আমাদের আন্দোলন-সংগ্রাম ও রাজনীতির অনুপ্রেরণা হয়ে থাকবে। জুলাই বিপ্লবের শহীদদের আত্মত্যাগের ভিত্তিতেই আজকের বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়েছে।’
উপহার প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ছাত্রদল কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক এসএম ফয়সাল ও বিপ্লব শিকদার, ময়মনসিংহ উত্তর জেলা জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি তানজিন চৌধুরী লিলি, ময়মনসিংহ উত্তর জেলা ছাত্রদলের সভাপতি নুরুজ্জামান সোহেল, সাবেক সভাপতি নিহাদ সালমান ডুননসহ জেলা, উপজেলা, পৌর ও কলেজ শাখার বিভিন্ন নেতাকর্মীরা।
পরে শহীদ বিপ্লব হাসানের কবর জিয়ারত করা হয়। এ সময় তার রূহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।



